Aaj lndia Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়( Abhishek Banerjee) -কেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, দলের সিনিয়র নেতাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি বলেই তৃণমূলের এই অবস্থা তৈরি হয়েছে।
বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee) বলেন, একজন জুনিয়র নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল সিনিয়রদের সম্মান দেওয়া। তাঁর অভিযোগ, দলের অনেক নেতাই অসম্মানিত বোধ করেছেন। তাই দলের ভাঙন এবং একের পর এক নেতার দল ছাড়ার ঘটনায় অভিষেকের ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি শুধু নই, যাঁরা দল ছেড়েছেন, তাঁদের অনেকেই একই কথা বলবেন। সম্মান সবাই চায়। সিনিয়রদের গুরুত্ব দেওয়া হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাশাপাশি শুভেন্দু অধিকারী-র প্রশংসাও করেন বাবুন। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী যা বলবেন, আমি তাই করব। উনি কাজের মানুষ। তিনি ডাকলে আমি সবার আগে যাওয়ার জন্য প্রস্তুত।”
এই মন্তব্যের পর বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও এখনও এ বিষয়ে বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
২০২৪ সালে প্রকাশ্যে ভাই বাবুনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি জানিয়েছিলেন, বাবুন আর তাঁর পরিবারের অংশ নন এবং তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক বা পারিবারিক সম্পর্ক নেই।
এখন প্রশ্ন উঠছে, আগামী দিনে কি বাবুন বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন? তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।


