কলকাতা: রাজ্য রাজনীতিতে বিরাট উলটপূরাণ! যাবতীয় জল্পনা সত্যি করে বুধবার ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন মমতার আরও এক ছায়াসঙ্গী মদন মিত্র (Madan Mitra)। মঙ্গলবার স্ত্রী-পুত্রদের ইডি নোটিশ আর তারপরই দলের সব পদ থেকে ইস্তফা দিয়ে ঋতব্রত শিবিরে মদন মিত্র! বুধবার বিধানসভায় পৌঁছে মদন মিত্র বলেন, তিনি আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দলের স্বার্থে ছয় মাস বা এক বছরের জন্য দায়িত্ব ছেড়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তাঁর দাবি, “আমি অভিষেককে বলেছিলাম, আপনি কিছুদিন সরে দাঁড়ান। আমরা দলকে গুছিয়ে নিই, তারপর আপনি ফিরে এসে দায়িত্ব নিন। কিন্তু তিনি রাজি হননি।”
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করে একাধিক মন্তব্য করেন মদন মিত্র (Madan Mitra)। তাঁর অভিযোগ, “দল ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তবুও এমন পরিস্থিতি তৈরি হল, যেখানে সবাইকে বলি দেওয়া যেতে পারে, কিন্তু অভিষেককে বাঁচাতেই হবে। এটা অত্যন্ত দুঃখজনক। দল সবার, অথচ মনে হচ্ছে দলটা শুধুমাত্র একজনকে কেন্দ্র করেই চলছে।”
মদন মিত্র আরও বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা বজায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর (Madan Mitra) কথায়, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, এটাকে একটা ম্যারাথন হিসেবে দেখুন। পথ চলতে চলতে আবার দেখা হবে। তখন দেখা যাবে, শেষ পর্যন্ত কোন ঘোড়া এগিয়ে যায়।”
তিনি জানান, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও বিধায়ক পদ এখনও তাঁর কাছেই রয়েছে। তবে তাঁর দাবি, “আমি তৃণমূলের সঙ্গে যুক্ত সবকিছু ছেড়ে দিয়েছি। কার্যত আমি আর তৃণমূলের বিধায়ক নই।”
প্রসঙ্গত, মঙ্গলবার মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে ইডি নোটিশ দেওয়ার পরই গভীর রাতে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে পৌঁছে যান মদন মিত্র (Madan Mitra)। যে স্বর্ণকমল সাহা এবং তাঁর পুত্র তথা এন্টালির বর্তমান বিধায়ক সন্দীপন সাহা বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবিরের গুরুত্বপূর্ণ মুখ!
সেই সাক্ষাতের পর বুধবার ভবানীপুরের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় পৌঁছে মদন মিত্র (Madan Mitra) জানান, মমতাপন্থী বা ‘কালীঘাট তৃণমূল’-এর সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিচ্ছেন। বিধানসভায় পৌঁছেই মদন মিত্র সোজা যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা-সহ উপস্থিত অন্যান্য বিধায়কদের সামনেই তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র।


