Aaj India Desk, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সিআইএসএফ (CISF)-এর একটি ইউনিটের ভিতরে গুলি চালানোর ঘটনায় চার জনের মৃত্যু (Death) হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট-সহ চার CISF কর্মী। বুধবার সন্ধ্যায় বাসোহলির মাশকা গ্রামের সেবা পাওয়ার প্রজেক্টে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ CISF ইউনিটের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কয়েকজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই হেড কনস্টেবল অবদেশ কুমার সিং নিজের কাছে থাকা AK-47 নিয়ে অফিস চত্বরে ঢুকে গুলি চালান। CISF-এর তরফে জানানো হয়েছে, তাঁর কাছে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছিল। ঘটনার পর তাঁর সার্ভিস রাইফেলটি বাজেয়াপ্ত করা হয়েছে।
গুলিতে চার জন CISF কর্মী গুরুতর আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে হিমাচলপ্রদেশের একটি NHPC হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার। তাঁদের পরিবারের সদস্যদেরও ঘটনার খবর দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি ও তদন্ত। অভিযুক্ত CISF জওয়ান অবদেশ কুমার সিংকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ইউনিটের ভিতরে হওয়া বচসার পরেই গুলি চালানোর ঘটনা ঘটে। তবে কী নিয়ে ওই বচসা হয়েছিল এবং ঠিক কী কারণে পরিস্থিতি এতটা গুরুতর হয়ে উঠল, তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেবা পাওয়ার প্রজেক্ট কোথায়?
কাঠুয়ার বাসোহলি এলাকার মাশকা গ্রামের কাছে সেবা নদীর উপর রয়েছে এই জলবিদ্যুৎ প্রকল্প। সেবা নদী রাভি নদীর একটি শাখা। প্রকল্পটির নিরাপত্তার দায়িত্বে ছিল CISF-এর একটি ইউনিট। ঘটনার পর গোটা প্রকল্প চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।


