Aaj India Desk, মুর্শিদাবাদ : বিধানসভা নির্বাচনের প্রথম দফার ঠিক আগে সোমবার আচমকা এক বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদ (Murshidabad) এলাকায়। বাড়ির ছাদ পর্যন্ত উড়ে যাওয়ায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর তদন্ত, উঠে আসছে বিস্ফোরকের সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিতও।
কোথায় ঘটল বিস্ফোরণ ?
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারাক্কা থানার অন্তর্গত নয়ানসুখ এলাকার ১৩৬ নম্বর বুথের বাসিন্দা ও কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়ির ছাদে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ঘটনার সময় বাড়িতে রাজমিস্ত্রিরা ঢালাই ও ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের এক কোণে ব্যাগে রাখা দু’টি বোমা আচমকা বিস্ফোরিত হয়। শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এবং আতঙ্কে ছুটোছুটি শুরু হয় স্থানীয়দের মধ্যে।
পুলিশ ও জওয়ানদের যৌথ তদন্ত
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কা থানার পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন থানার আইসি অমিত কুমার মুখার্জিও। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।বর্তমানে গোটা এলাকা সুরক্ষিত রাখা হয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, কেন ওই বোমা সেখানে রাখা ছিল এবং এর পেছনে অন্য কোনও বড় ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সাইমুল শেখ ফারাক্কার সিপিএম প্রার্থী মুজাফফর হোসেনের আত্মীয়। তাঁর বাড়িও ঘটনাস্থলের পাশেই। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ফলে পুলিশ রাজনৈতিক কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে।
পাল্টাপাল্টি অভিযোগে তপ্ত রাজনীতি
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মুর্শিদাবাদের (Murshidabad) স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কংগ্রেস ভোটে জিততে পারবে না তাই ভোটের আগে অশান্তি ছড়াতে বোমা মজুত করা হয়েছিল। অন্যদিকে, ফারাক্কা ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বসির এই অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ তৃনমূলের ষড়যন্ত্র। ভোটের আগে কংগ্রেস কর্মীদের ভয় দেখাতেই এই ঘটনা ঘটানো হয়েছে।”
ভোটের মুখে এই ঘটনায় প্রশাসন বাড়তি সতর্কতা নিয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ ও কে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে দোষীদের খোঁজে তল্লাশি চলছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং এর পেছনে কোনও বৃহত্তর পরিকল্পনা ছিল কি না, তা জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


