Aaj India Desk, মালদহ : পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ রুখতে নতুন বিজেপি সরকারের উদ্যোগে এবার মালদায় তৈরি হলো হোল্ডিং সেন্টার (Holding Center)। মুর্শিদাবাদের পর এবার মালদহের ইংরেজবাজারে এই হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। রাতারাতি গজিয়ে ওঠা এই সেন্টারে ইতিমধ্যেই আটকও করা হয়েছে ৯ জনকে। ঘটনার জেরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
কাদের আটক করা হয়েছে ?
মালদহের হোল্ডিং সেন্টারে (Holding Center) ৯ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা এবং ৬ জন নাবালক। রবিবার গাজোলের পাণ্ডুয়া এলাকা থেকে তাঁদের আনা হয় ইংরেজবাজারের চন্দন পার্কে গড়ে তোলা এই কেন্দ্রে। এছাড়া মুর্শিদাবাদের লালগোলা পদ্মাভবনেও তিনজনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। আইন ও নিয়ম মেনে তাদেরকে দুবেলা খাবার ও মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে।
কেনো তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার ?
রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের ফরেনার্স ব্রাঞ্চ সম্প্রতি সমস্ত জেলাকে “হোল্ডিং সেন্টার” (Holding Center) তৈরির নির্দেশ দেয়। নির্দেশিকায় বলা হয়, আটক বিদেশি নাগরিক এবং মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দিদের দেশে ফেরত পাঠানো না হওয়া পর্যন্ত এই ধরনের কেন্দ্রে রাখা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্ত এলাকায় কাঁটাতারের কাজ নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা CAA-র আওতার বাইরে, তাঁদের অনুপ্রবেশকারী হিসেবেই ধরা হবে। রাজ্য পুলিশ তাঁদের গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেবে।”
উল্লেখ্য, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “যাঁরা ভারতীয় নন এবং সিএএ-র আওতায় পড়েন না, তাঁদের নিজেদের দেশে ফিরে যাওয়া উচিত।” অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, “যদি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার এই পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে আপত্তি নেই। তবে কোনও বৈধ ভারতীয় নাগরিক যেন হয়রানির শিকার না হন।”


