Aaj India Desk, কলকাতা : দু’বছর আগে আরজিকর মেডিকেল কলেজে (RG Kar Case) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। সেই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় ইতিমধ্যেই আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন। তবে তদন্তের একাধিক দিক নিয়ে প্রশ্ন তুলে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ।
CBIকে সরাসরি প্রশ্ন আদালতের
বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে এই দিনের শুনানি শুরু হয়। আদালত প্রথমেই জানিয়ে দেয়, এই ঘটনায় নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার শুনানিকেই অগ্রাধিকার দেওয়া হবে।
শুনানির সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর আইনজীবীর কাছে তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত। বিশেষ করে, তদন্তভার হাতে পাওয়ার পর হাসপাতালের কোন কোন অংশ সিল করা হয়েছিল, তা জানতে চাওয়া হয়। (RG Kar Case)
সেমিনার রুম নিয়েই মূল উদ্বেগ
CBI আদালতে জানায়, ঘটনাস্থল হিসেবে চিহ্নিত সেমিনার হলটি সিল করা রয়েছে। অন্য কোনও জায়গা সিল করার প্রয়োজন হয়নি বলেও জানানো হয়। এর পরেই আদালত জানতে চায়, মাঝের সময়ে ওই সেমিনার রুমের সিল কোনওভাবে খোলা হয়েছিল কি না। তদন্তের স্বচ্ছতা ও প্রমাণ রক্ষার স্বার্থে আদালত পর্যবেক্ষণ করে, ঘটনাস্থলটি ফের দ্রুত সিল করা প্রয়োজন বলে নির্দেশ দেয় আদালত। হাইকোর্ট স্পষ্টভাবে জানায়, কোনওভাবেই যাতে সম্ভাব্য তথ্যপ্রমাণ বা ক্রাইম সিনের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে হবে তদন্তকারী সংস্থাকে। (RG Kar Case)
নির্যাতিতার পরিবারের তোলা প্রশ্ন এবং তদন্তের বিভিন্ন দিকের গুরুত্ব বিবেচনা করে বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি হবে। আদালতের আজকের মন্তব্যের পর আরজি কর কাণ্ডে তদন্তের পূর্ণতা, প্রমাণ সংরক্ষণ এবং সম্ভাব্য গাফিলতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


