Aaj India Desk, মুর্শিদাবাদ: সামশেরগঞ্জের (Samserganj) বহুল চর্চিত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস খুনের মামলায় বড় রায় দিল আদালত। ঘটনায় দোষী সাব্যস্ত ১২ জনকে ১০ বছরের কারাদণ্ডের (Imprisonment) নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের ওপর মোট ৬০ হাজার টাকা জরিমানাও (Penalty) ধার্য করা হয়েছে। জানা গিয়েছে, দোষীদের মধ্যে পাঁচ জন সরাসরি বাবা-ছেলেকে খুন করার ঘটনায় জড়িত ছিল।
শুধু খুনই নয়, সেই সময় সামশেরগঞ্জে ভয়াবহ হিংসার পরিবেশ তৈরি হয়েছিল বলেও তদন্তে উঠে আসে। অভিযোগ, ওই এলাকারই একটি বাড়িতে আগুন লাগিয়ে গোটা পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। পরিবারের সদস্যদের উপর চলে বেধড়ক মারধরও। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করে সামশেরগঞ্জ থানার পুলিশ আলাদা করে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই তদন্তে স্পষ্ট হয় যে পরিকল্পিতভাবেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনাও সামনে আসে। খুনের মামলার পাশাপাশি অগ্নিসংযোগ ও খুনের চেষ্টার এই মামলার বিচারও সমান্তরালভাবে চলেছে।
উল্লেখ্য, গত বছরের ১২ এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদ এলাকায় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। যদিও শুরু থেকেই পুলিশের দাবি ছিল, এই খুনের পিছনে রাজনৈতিক কারণ নয়, ব্যক্তিগত শত্রুতাই মূল কারণ। তদন্তের চার্জশিটেও সেই উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ আরও জানিয়েছে, হরগোবিন্দ ও চন্দন দাস খুনের ঘটনায় অভিযুক্ত ১৩ জনের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে।


