30 C
Kolkata
Sunday, September 6, 2026
spot_img

ডার্বি দেখতে বারাসত স্টেডিয়ামে যাচ্ছেন? কোন কোন জিনিস নিয়ে ঢোকা যাবে না, জানুন

Aaj lndia Desk,উত্তর ২৪ পরগণা : কলকাতা ফুটবলের অন্যতম বড় আকর্ষণ ডার্বি এবার ফিরছে বারাসতে। সোমবার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দীর্ঘ আট বছর পর এই মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। দর্শকদের ভিড় সামলানো থেকে শুরু করে নিরাপত্তা সব দিকেই বাড়তি নজর দিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে খবর, ম্যাচকে কেন্দ্র করে প্রায় ১১০০ পুলিশকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন ছয় জন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিক। বারাসত পুলিশ জেলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্য জায়গা থেকেও বাহিনী আনা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে দর্শকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ম্যাচ দেখতে যাওয়ার আগে সেই নিয়মগুলি জেনে নেওয়া জরুরি। কারণ স্টেডিয়ামে ঢোকার সময় একাধিক নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি হতে হবে দর্শকদের।

প্রবেশের সময় প্রথমেই টিকিট পরীক্ষা করা হবে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট গ্যালারি বা ব্লকে পাঠানো হবে দর্শকদের। এরপর হবে ব্যাগ ও অন্যান্য সামগ্রীর তল্লাশি। সবশেষে আয়োজকদের তরফে কিউআর কোড পরীক্ষা করে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ গেট পেরোতে মোট তিনটি ধাপের যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে।

নিরাপত্তার কারণে স্টেডিয়ামে জলের বোতল বা ছাতা নিয়ে ঢোকার অনুমতি নেই। তবে দর্শকদের পানীয় জলের সমস্যা হবে না। মাঠের ভিতরেই জলের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের নির্দেশ অনুযায়ী, সঙ্গে মোবাইল ফোন রাখা যাবে।

দর্শকদের প্রবেশের জন্য চারটি গেট থাকছে। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত বের করে দেওয়ার জন্য আরও দু’টি গেট প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মাঠে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক-সহ মেডিক্যাল টিমও থাকবে।

শুধু স্টেডিয়াম নয়, ডার্বির প্রভাব পড়বে বারাসতের রাস্তাতেও। সোমবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ভিতরে পণ্যবাহী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। স্কুলের সময় শেষ হওয়ার পরই এই ব্যবস্থা কার্যকর করা হবে, যাতে পড়ুয়াদের যাতায়াতে সমস্যা না হয়।

প্রায় ১০ হাজার দর্শক ম্যাচ দেখতে পারেন বলে পুলিশ প্রশাসনের অনুমান। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। দর্শকদের নিয়ম মেনে চলা এবং কোনওরকম বিশৃঙ্খলা না করার আবেদন জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন