কলকাতা: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের (Baruipur rape and murder) ঘটনার প্রায় ন’দিন পর অবশেষে ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। এতদিনে অনেক প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। এই আবহে মঙ্গলবার ঘটনাস্থল থেকে কি কি নমুনা মিলেছে, জানিয়েছেন তদন্তকারীরা।
মঙ্গলবার বিশেষ তদন্তকারী দল (SIT)-র উপস্থিতিতে ধৃত তিন অভিযুক্ত, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার (Baruipur rape and murder) পুনর্নির্মাণও করা হয়। তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের বয়ানের ভিত্তিতেই সম্ভাব্য ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা একটি অন্তর্বাস, চকোলেটের মোড়ক, একটি গেঞ্জি, চুল, মদের বোতল, জলের বোতল, প্লাস্টিকের গ্লাস-সহ একাধিক সামগ্রী উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া সমস্ত নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে।
তবে তদন্তকারী সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, উদ্ধার হওয়া অন্তর্বাসটি নির্যাতিতার কি না বা অন্যান্য সামগ্রীর সঙ্গে ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না, তা ফরেনসিক পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তদন্তে বৈজ্ঞানিক পরীক্ষার ফলই এই নমুনাগুলির গুরুত্ব নির্ধারণ করবে। এদিকে, ঘটনাস্থল থেকে প্রায় ন’দিন পর নমুনা সংগ্রহকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে তদন্তের গতি নিয়ে।
বিশেষ করে গত কয়েক দিনে এলাকায় টানা বৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে পড়ে থাকা পোশাক বা অন্যান্য সামগ্রী থেকে ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট কিংবা অন্যান্য ফরেনসিক প্রমাণ কতটা অক্ষত রয়েছে, তা নিয়েও সংশয় প্রকাশ করছেন বিভিন্ন মহলের একাংশ। যদিও এই বিষয়ে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
মঙ্গলবার ফরেনসিক দলের পাশাপাশি সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ এবং জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে তাঁরা নির্যাতিতার দেহ উদ্ধারের (Baruipur rape and murder) স্থানও পরিদর্শন করেন এবং তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া সামগ্রীগুলির গুরুত্ব কতটা এবং সেগুলি মামলার অগ্রগতিতে কী ভূমিকা নেবে, তা নির্ভর করবে ফরেনসিক পরীক্ষার রিপোর্টের ওপর। পাশাপাশি, নমুনা সংগ্রহে এত দেরি হওয়ার কারণ নিয়েও রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন নজর ফরেনসিক রিপোর্ট এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে।


