কলকাতা: ডিজে মামলায় (DJ Case) অবশেষে আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে পৌঁছলেন কালীঘাট তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সকাল ১১ টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে বিধাননগর আদালতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বেলা ১২ টায় কণ্ঠস্বর নমুনা দেওয়ার জন্য হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে।
নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই আদালতে পৌঁছে তদন্তকারী সংস্থার প্রয়োজনীয় প্রক্রিয়ায় অংশ নিয়েছেন অভিষেক। এদিকে, অভিষেকের (Abhishek Banerjee) উপর যাতে কোনোরকম অপ্রীতিকর হামলা না হয়, সেইকারনে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয় আদালত চত্বর।
প্রসঙ্গত, ডিজে মন্তব্য মামলায় (DJ Case) দীর্ঘদিন ধরেই ভয়েস নমুনা দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন ‘যুবরাজ’। ডিজে মামলার শুনানিতে সম্প্রতি বিচারপতি সৌগত রায় সাফ জানিয়ে দেন, কণ্ঠস্বরের নমুনা না দিলে অভিষেকের (Abhishek Banerjee) রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হবে! শুধু তাই নয়, বিচারপতি আরও হুঁশিয়ারি দেন, প্রয়োজনে মামলা খারিজ করে জরিমানা নেওয়া হবে!
এরপরই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী। এরপরই ১৫ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক, বলে জানান তাঁর আইনজীবী। তবে সেইসঙ্গে অভিষেকের তরফে আদালতে ২ টি আবেদন করা হয়, যেন এই কণ্ঠস্বর অন্য মামলায় ব্যবহার না করা হয় এবং ডিম হামলা না হয়।
অভিষেকের সেই আবেদনে মঞ্জুরি দিয়েই এদিন আদালত চত্বরে যাতে কোনোরকম গণ্ডগোল বা ডিম হামলা না হয়, সেই জন্য কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। ডিজে মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী মহল। এখন তদন্তের পরবর্তী পর্যায়ে ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এবং তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।


