32.7 C
Kolkata
Tuesday, August 11, 2026
spot_img

হালিশহরের পর শ্যামবাজার—মমতাকে দেখামাত্রই উঠল ‘চোর চোর’ স্লোগান!

কলকাতা: হালিশহরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শ্যামবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ করে ‘চোর’ স্লোগান ওঠার অভিযোগ। মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ স্লোগান দেন বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শ্যামবাজার চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

মঙ্গলবার শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। তাঁকে শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়। একইসঙ্গে ক্ষুদিরামকে শ্রদ্ধা জানানো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘অপমানের’ প্রতিবাদে ‘কালীঘাট তৃণমূল’-এর তরফেও কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবেই বিকেলে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর দলের কর্মী-সমর্থকরা। নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। এরপর বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

এরপরই মমতা (Mamata Banerjee) সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ তাঁর উদ্দেশে ‘চোর’ স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে শ্যামবাজার চত্বর রাজনৈতিক স্লোগান ও পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে।

ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা আরও বাড়ানো হয়। হালিশহরে মমতার (Mamata Banerjee) গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনার পর ফের প্রকাশ্য রাস্তায় একই ধরনের স্লোগান ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হল।

তবে শ্যামবাজারের ঘটনার পিছনে ঠিক কারা ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে কলকাতার রাজনৈতিক আবহে যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন