27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

নতুন কমিটি ঘিরে ফের বিক্ষোভ? শমীকের বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তাল সুরুচি সংঘ!

Aaj India Desk, কলকাতা : গতকালই দুর্গাপুজোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সেই বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো সুরুচি সংঘ-এর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ফের তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কমিটিকে কেন্দ্র করে বুধবার দুপুরেই নিউ আলিপুরে ক্লাবের সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, কোনো স্থানীয় ব্যক্তির মতামত ছাড়াই রাতারাতি এই নতুন কমিটি গঠন করা হয়েছে। এমনকি কমিটিতে রাজনৈতিক প্রভাবও স্পষ্ট বলে দাবি করেছেন তাঁরা।

স্থানীয় ব্যক্তিদের দাবি অনুযায়ী, নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন দমদমের বিধায়ক সৌরভ সিকদার। পাশাপাশি অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলেই পরিচিত কয়েকজন সদস্যকেও কমিটিতে রাখা হয়েছে বলে অভিযোগ তাঁদের। স্থানীয়দের প্রশ্ন, শমীক ভট্টাচার্যের বার্তা সত্ত্বেও দমদমের বিধায়ক কেন নিউ আলিপুরের দুর্গাপুজোর দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁদের দাবি, পুজো কমিটির মতো সর্বজনীন মঞ্চে বাইরের রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়। এই পরিস্থিতিতে বর্তমান কমিটি বহাল থাকলে আসন্ন খুঁটিপুজো বয়কট করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এমনকি কমিটি পরিবর্তন না হলে তাদের তরফে খুঁটিপুজো ভেস্তে দেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবারই দুর্গাপুজোর কমিটি নিয়ে জরুরি ঘোষণা করেছিলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এর আগে তাঁকে ঘিরে কলেজ স্কোয়ার দুর্গাপুজোর সভাপতি হওয়ার যে জল্পনা তৈরি হয়েছিল তা নাকচ করে তিনি স্পষ্ট জানান, তিনি কোনও দুর্গাপুজোর সভাপতি হবেন না বা কোনও পুজোর পরিচালনার দায়িত্বও নেবেন না। এক্স-এ (পূর্বে টুইটার) প্রকাশিত বার্তায় তিনি লেখেন, দুর্গাপুজো সকলের, কোনও বিশেষ রাজনৈতিক দলের নয়। পুজো কমিটির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। অন্যদিকে দলীয় নেতা, বিধায়ক ও সাংসদদেরও একাধিক পুজো কমিটির দায়িত্ব না নেওয়ার পরামর্শ দেন তিনি।

শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) ওই মন্তব্যের পরদিনই সুরুচি সংঘের নতুন কমিটি ঘিরে বিতর্ক প্রকাশ্যে এলো। তবে নতুন কমিটি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুজো কমিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত পরিস্থিতির দিকেই নজর রয়েছে প্রশাসন ও স্থানীয়দের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন