Aaj India Desk, কলকাতা: মেয়েকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। সেই শোকের মধ্যেই সরকারি সহায়তার হাত পৌঁছল তাদের দরজায়। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নির্যাতিতার বাবাকে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তাও। প্রশাসনিক সূত্রের জানা গেছে, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন।
বারুইপুরের নৃশংস ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিকবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি পরিবারকে দ্রুত বিচার, কঠোর শাস্তি এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই নির্যাতিতার বাবাকে কারাদপ্তরে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
গত শনিবারই একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, “পরিবারকে বলে এসেছি কাস্টডি ট্রায়াল এবং কনভিকশন এক্সিকিউশন মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির এই কেসে রাখা হবে। সরকারের কিছু দায়িত্ব রয়েছে। সরকার পরিবারের পাশে দাঁড়িয়েছে। কীভাবে পাশে দাঁড়িয়েছে, পরিবার যখন দরকার হবে তখন বলবে। আমি কিছু বলব না।” এই বক্তব্যের পরই নির্যাতিতার বাবার চাকরি এবং আর্থিক সহায়তার বিষয়টি প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, এই ঘটনার জেরে লিঞ্চিংয়ে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকেও রাজ্য সরকারের তরফে সহায়তা দেওয়া হয়। তাঁর দাদাকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগপত্র এবং পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা যায়। বর্তমানে বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন মামলার বিচারপ্রক্রিয়া এবং তদন্তের অগ্রগতির দিকেই নজর রয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট পরিবারের।


