Aaj India Desk, কলকাতা : পরপর হামলার অভিযোগ তুলে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর অভিযোগ, সাম্প্রতিক একাধিক ঘটনার জেরে নিজের জীবন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কমিশন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কুণাল। আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ৩টেয় মামলাটির শুনানি হবে।
জরুরি ভিত্তিতে শুনানি
কুণালের (Kunal Ghosh) বক্তব্য অনুযায়ী, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আই পি মুখার্জি-র সামনে বিষয়টি উত্থাপিত হয়। কমিশনে নিযুক্ত পুলিশের আইজি-ও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তিনি। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দ্রুত শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কুণালের দাবি।
সম্প্রতি পরপর দু’দিন তাঁর গাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে। প্রথমে উত্তরপাড়ায় তাঁর গাড়িতে ইট-পাথর ও ডিম ছোড়ার অভিযোগ ওঠে। পরদিন কলকাতার নারকেলডাঙা এলাকায় তাঁর গাড়ি ঘিরে হামলা এবং কাচ ভাঙার অভিযোগ করেন কুণাল। ঘটনার পর তিনি নারকেলডাঙা থানায় আশ্রয় নেন। সেই প্রেক্ষিতেই প্রাণনাশের আশঙ্কায় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি।
কাদের নোটিস দেওয়া হয়েছে ?
কুণালের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের শুনানিতে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে উপস্থিত থাকার জন্য নোটিস দেওয়া হয়েছে। তাঁরা নিজে হাজির হতে পারবেন, অথবা তাঁদের প্রতিনিধি পাঠাতে পারবেন।নোটিস পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার, বেলেঘাটা, ফুলবাগান, নরকেলডাঙা ও কালীঘাট থানার ওসি-কে। পাশাপাশি চন্দননগরের পুলিশ কমিশনার এবং উত্তরপাড়া থানার ওসি-কেও শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরপর হামলার অভিযোগ ঘিরে বিতর্ক
কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাঁর উপর হামলার নেপথ্যে বিজেপি-ঘনিষ্ঠ দুষ্কৃতীরা রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে, পুলিশ ইতিমধ্যেই ঘটনাগুলি নিয়ে তদন্ত শুরু করেছে এবং কলকাতার ঘটনার ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যদিও অভিযোগগুলির দায় কার, তা এখনও তদন্তসাপেক্ষ।
এখন নজর ৩০ সেপ্টেম্বরের শুনানিতে। মানবাধিকার কমিশনের সামনে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ কী রিপোর্ট দেয় এবং কুণালের অভিযোগ নিয়ে কী পদক্ষেপ নেওয়ার নির্দেশ আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।


