কাঠমান্ডু: মাত্র এক মাস আগে হড়পা বানে ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছে হিমালয়ের দেশ (Nepal Disaster)। বহু পরিবার হারিয়েছে আপনজন, বহু গ্রাম প্রায় মানচিত্র থেকেই মুছে গিয়েছিল। সেই শোক কাটার আগেই সোমবার আবার যেন প্রকৃতি লিখল আরেকটি নির্মম অধ্যায়।
প্রবল বৃষ্টির মধ্যে নেপালের (Nepal Disaster) কালী গণ্ডকী নদী সংলগ্ন পাহাড়ের বিশাল একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোকালয়ের দিকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুহূর্তের মধ্যে আস্ত পাহাড় নেমে আসছে নিচে! আর আতঙ্কে দৌড়চ্ছেন স্থানীয় মানুষ। এমন দৃশ্য দেখে অনেকেই বলছেন, ‘এ যেন সিনেমা নয়, বাস্তবের দুঃস্বপ্ন।’
ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেল ঘর, স্বপ্ন, আপনজন
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানাং, মায়াগডি, বাগলুং, পর্বত ও পল্পা জেলা। একাধিক বাড়িঘর গুঁড়িয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে এখনও জীবিতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন।
সরকারি হিসাবে এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। তবে উদ্ধারকাজ শেষ না হওয়ায় আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
যে প্রশ্নের উত্তর নেই…
পাহাড়ের পাদদেশে যাঁরা থাকতেন, তাঁদের অনেকেই কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু হারিয়েছেন। যে ঘরে সকাল পর্যন্ত রান্নার ধোঁয়া উঠছিল, সন্ধ্যার আগেই সেখানে শুধু পাথর আর ধুলো।
হিমালয়ের কোলে ছোট্ট দেশটি (Nepal Disaster) আবারও দাঁড়িয়ে আছে এক কঠিন পরীক্ষার সামনে, প্রকৃতির সঙ্গে নয়, বেঁচে থাকার লড়াইয়ে।


