মুর্শিদাবাদ: শিল্পের সঙ্গে শিল্পীর যেমন অমোঘ টান, শিল্পীর প্রতি তাঁদের ভক্তদের টানও অনেক সময় হার মানায় সব প্রতিকূলতাকে। স্বপ্নের তারকাকে চাক্ষুষ করতে, একটিবার ছুঁয়ে দেখতে চায় না এমন ভক্ত খুঁজে পাওয়া মুশকিল। সেরকমই অরিজিৎ সিং (Arijit Singh)-এর এক ভক্ত তাঁর সঙ্গে একটা সেলফির টানে সাইকেলের চাকায় ভর করেই পৌঁছে গেল মালদহ থেকে জিয়াগঞ্জে।
২২ বছরের গণেশ শেখ, মালদহের বামনগোলার জামতলার বাসিন্দা। প্রাতিষ্ঠানিক শিক্ষা চতুর্থ শ্রেণি পর্যন্ত। কিন্তু তাঁর স্বপ্নের কোনও সীমা নেই। রবিবার ভোর ৪টেয় জাতীয় পতাকা আর হাতে লেখা একটি পোস্টার বেঁধে সাইকেলে চেপে বেরিয়ে পড়েছেন তিনি। পোস্টারে লেখা, “One Journey, One Dream, One Mulakat.”
গন্তব্য? মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বাড়ি। “ছোটবেলা থেকেই অরিজিৎ স্যরের গান শুনি। খুব ভালো লাগে। একবার শুধু সামনে থেকে দেখব, আর একটা ছবি তুলব, এই স্বপ্ন নিয়েই যাচ্ছি,” অকপটে বললেন গণেশ।
পথটা কিন্তু মোটেও সহজ নয়। দুপুর পর্যন্ত টানা সাইকেল চালিয়ে ফরাক্কা পৌঁছেছেন তিনি। সামনে এখনও বহুটা রাস্তা। প্রচণ্ড রোদ, ক্লান্ত শরীর, পায়ে অসহ্য ব্যথা! তবুও থামতে রাজি নন। “সকাল থেকে চালাচ্ছি, পা খুব ব্যথা করছে। তবুও আজ রাতের মধ্যেই পৌঁছানোর চেষ্টা করব। কারণ শুনেছি, অরিজিৎ (Arijit Singh) স্যার মঙ্গলবার ভোরেই মুম্বই চলে যাবেন,” বলেই আবার প্যাডেলে চাপ দেন গণেশ।
এটাই তাঁর প্রথম ‘স্বপ্নযাত্রা’ নয়। গণেশের দাবি, এর আগেও সাইকেলে চেপে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা করেছিলেন তিনি। এবার লক্ষ্য সেই কণ্ঠ, যার গান শুনে বড় হয়েছেন।
জিয়াগঞ্জে ইতিমধ্যেই ওড়িশা থেকে আসা এক বন্ধু তাঁর জন্য অপেক্ষা করছেন। দুই অনুরাগীর একটাই আশা, হয়তো দরজা খুলবে, আর মিলবে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। সব স্বপ্ন কি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়? নাকি কখনও কখনও পথ চলাটাই সবচেয়ে সুন্দর গল্প হয়ে থাকে?


