Aaj India Desk, কলকাতা: ওবিসি সংরক্ষণ (OBC Reservation) নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েনের পর নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আশার আলো দেখা গেলেও, এবার পুলিশ কনস্টেবল নিয়োগে (Constable Recruitment) তৈরি হয়েছে অন্য সমস্যা। ‘হরাইজেন্টাল’ বা সমান্তরাল সংরক্ষণে অস্থায়ী কর্মীদের জন্য নির্ধারিত নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা মিলতে পারে।
প্রায় ১২ হাজার কনস্টেবল নিয়োগের পরেও নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। হাইকোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ উঠেছে, আগের তৃণমূল সরকারের আমলে ৪ হাজারেরও বেশি পদে সমান্তরাল অস্থায়ী কর্মী সংরক্ষণের ক্ষেত্রে নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
এই সংরক্ষণ সংক্রান্ত শর্ত নিয়ে কলকাতা হাইকোর্টে মোট চারটি গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন। মামলাগুলিতে নিয়োগের নিয়ম ও শর্ত নির্ধারণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। ফলে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে পুলিশ কনস্টেবল নিয়োগে এই সংরক্ষণ ব্যবস্থা কীভাবে কার্যকর হবে।
হাইকোর্টের নির্দেশের পর পুজোর সময়েই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন নজর নভেম্বরের তৃতীয় সপ্তাহের শুনানির দিকে। আদালতের সিদ্ধান্তের পরই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ছবি সামনে আসতে পারে। অন্যদিকে, ওবিসি সংরক্ষণ নিয়েও রাজ্যে দীর্ঘদিন ধরে আইনি বিতর্ক চলেছে। তৃণমূল সরকারের আমলে ওবিসি সংরক্ষণের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মামলা পৌঁছয় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে।
কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর জারি হওয়া ওবিসি শংসাপত্রগুলি বাতিল করার নির্দেশ দিয়েছিল। সেই সময় বিজেপির অভিযোগ ছিল, রাজনৈতিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই ওবিসি তালিকার সম্প্রসারণ করা হয়েছিল। পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। তবে বিজেপি সরকার ইতিমধ্যেই সেই মামলা প্রত্যাহার করেছে। ফলে, আপাতত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ের অবস্থানই বহাল থাকছে।
সব মিলিয়ে, ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জট কাটানোর পর এবার পুলিশ কনস্টেবল নিয়োগে অস্থায়ী কর্মীদের সংরক্ষণ নতুন করে আলোচনায় উঠে এসেছে। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে হাইকোর্টের শুনানির দিকেই এখন তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।


