Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পরেই তিনি জানান, বুলেট ট্রেন (Bullet Train), কলকাতা মেট্রোর জন্য নতুন রেক, অমৃত ভারত স্টেশন এবং ডেডিকেটেড ফ্রেট করিডরের মতো একাধিক পরিকল্পনা চালু হলে বাংলার রেল পরিষেবায় নব জোয়ার আসবে।
বুলেট ট্রেন প্রকল্পে জোর
সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী জানান, ভবিষ্যতে দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন (Bullet Train) পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, এই পরিষেবা চালু হলে মাত্র ছয় ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, ট্রেনটি দিল্লি থেকে লখনউ ও পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে।
বর্তমানে পশ্চিমবঙ্গে কোনও কার্যকরী বুলেট ট্রেন (Bullet Train) পরিষেবা নেই। রেল সূত্রে জানা গিয়েছে, বারাণসী-শিলিগুড়ি এবং বারাণসী-হাওড়া হাই-স্পিড রেল করিডর এখনও পরিকল্পনা ও সমীক্ষার পর্যায়ে রয়েছে।
রেল নিয়ে বিরাট ঘোষণা
রেলমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে ১০২টি স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় উন্নত করা হবে। এই প্রকল্পের মাধ্যমে স্টেশনগুলিতে যাত্রী পরিষেবা, অবকাঠামো এবং আধুনিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কলকাতা মেট্রোর পরিষেবা সম্প্রসারণ ও যাত্রী চাপ সামাল দিতে আগামী পাঁচ বছরের মধ্যে ৬০টি নতুন ট্রেন বা রেক যুক্ত করার কথাও ঘোষণা করা হয়েছে। এর ফলে মেট্রো পরিষেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। পূর্ব-পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির কথাও ঘোষণা করেন রেলমন্ত্রী। এই করিডরের মাধ্যমে পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাত পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল করবে।
বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে রেল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ডবল ইঞ্জিন ক্ষমতায় আসতেই দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ন পদক্ষেপ নিতে চলেছে বিজেপি রাজ্য সরকার। তবে এবার রাজ্যবাসীর সেই বুলেট ট্রেনে চাপার আশা কবে পুরুন হয় সেটাই দেখার।


