Aaj lndia Desk,কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)র প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে মোট প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষের আবেদন আপাতত বাতিল হওয়ায় বহু যোগ্য আবেদনকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন পোস্ট অফিসে ডিবিটি (DBT) লিঙ্ক করাতে ভোর থেকেই মহিলাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন, সব আবেদন যাচাই করেই টাকা দেওয়া হচ্ছে। যাঁদের নাম ভোটার তালিকায় নেই, যাঁরা ভারতের বৈধ নাগরিক নন, একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন বা নিয়ম ভেঙে আবেদন করেছেন তাঁদের আবেদন বাতিল করা হয়েছে। পাশাপাশি ‘লক্ষ্মীর ভান্ডার’-এর তথ্য যাচাই করে প্রায় ১০ লক্ষ পুরুষ আবেদনকারীর নামও ধরা পড়েছে, যাঁদের আবেদন নিয়ম অনুযায়ী গ্রহণ করা হয়নি।
তবে যাঁরা যোগ্য হয়েও টাকা পাননি, তাঁদের জন্য রয়েছে স্বস্তির খবর
সরকার জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া এখনও বন্ধ হয়নি। জুলাই ও আগস্ট মাস জুড়েও নতুন আবেদন করা যাবে। পাশাপাশি ফর্মে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগও মিলবে। ১ জুন থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া মোট ৯০ দিন চলবে।
কীভাবে আবেদন করবেন?
সরকারি পোর্টাল socialsecurity.wb.gov.in-এ গিয়ে বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষায় আবেদন করা যাবে। গ্রামীণ এলাকায় আবেদন যাচাইয়ের দায়িত্ব বিডিও (BDO) অফিসের, আর শহরাঞ্চলে এই কাজ করছে এসডিও (SDO) অফিস।
সমস্যা হলে কী করবেন?
আবেদন সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে রাজ্য সরকারের হেল্পলাইন ৮২৮২০-৮২৮২০ নম্বরে (সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা) যোগাযোগ করা যাবে। এছাড়া asap@wb.gov.in ই-মেলেও অভিযোগ বা মতামত পাঠানো যাবে।
তাই ফর্ম জমা দিয়েও যদি এখনও ৩০০০ টাকা না পেয়ে থাকেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনীয় তথ্য সংশোধন করে আবার আবেদন বা যাচাই করালেই টাকা পাওয়ার সুযোগ থাকছে।


