Aaj India Desk, কলকাতা: বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি ও বেআইনি কাজের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বেআইনি নির্মাণ, জমি দখল, সাধারণ নাগরিকের উপর অত্যাচার থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপই সরকারের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে তাঁর দাবি, ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, সকলের জন্য উন্নয়নই বিজেপি সরকারের অগ্রাধিকার।
‘বেআইনি কাজ বরদাস্ত নয়’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, ভবিষ্যতের বাংলার অন্যতম লক্ষ্য হবে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’। তাঁর বক্তব্য, মহিলা নির্যাতনের পাশাপাশি সাধারণ নাগরিকের উপর অত্যাচার, জমি বা বাড়ি দখল এবং নিজের অধিকার দাবি করার কারণে মানুষকে হয়রানির মতো অভিযোগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “জিরো টলারেন্স টু এভরিথিং হুইচ ইজ ইললিগাল” অর্থাৎ বেআইনি যে কোনও কাজের বিরুদ্ধেই সরকারের কঠোর অবস্থান থাকবে।
বেআইনি নির্মাণ নিয়ে সরব মন্ত্রী
বেআইনি নির্মাণের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। বরানগর, বালি ও হাওড়ার উদাহরণ দিয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) অভিযোগ করেন, আগের ব্যবস্থায় অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণের প্রবণতা ছিল।তাঁর দাবি, চারতলা নির্মাণের অনুমোদন নিয়ে পরে আটতলা পর্যন্ত বাড়ি তৈরি করা হত। এর সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও তোলেন তিনি। এই ধরনের নির্মাণ ও দুর্নীতির ব্যবস্থা আর চলতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেন মন্ত্রী।
‘সরকার সবার জন্য’
ধর্মীয় পরিচয় নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গেও বক্তব্য রাখেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, বিজেপি সরকারের কাছে ধর্ম, জাতি বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনও বৈষম্য থাকবে না। তিনি বলেন, “এই সরকার শুধু হিন্দুদের, শুধু মুসলমানদের নয়। এই সরকার সব ধর্মের, সব জাতির, সব মানুষের।” সরকারের সমালোচনা করার ক্ষেত্রেও নাগরিকদের স্বাধীনতা থাকবে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, সরকারের সমালোচনা করলেও কাউকে ভয় দেখানো বা মিথ্যা মামলায় ফাঁসানোর পরিস্থিতি থাকবে না।
অগ্নিমিত্রা পালের বক্তব্য, নতুন সরকারের কাছে রাজনৈতিক প্রচারের চেয়ে উন্নয়নই বেশি গুরুত্বপূর্ণ। মানুষের দৈনন্দিন জীবনে জল, বাসস্থান, শিক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবার উন্নতি ঘটানোই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।


