Aaj India Desk, নয়া দিল্লি: ভয়াবহ হড়পা বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে ক্রমশ বাড়ছে নিখোঁজদের সংখ্যা। একাধিক গ্রাম ও শহর বন্যার কবলে পড়ায় ভয়াবহ অবস্থার সম্মুখীন সেখানকার অধিবাসীরা। এই পরিস্থিতিতে ফের সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর উদ্ধার ও ত্রাণকাজ চলছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিনেতা। তাঁর বার্তা, “নেপাল, তুমি একা নও। আমরা খাবার, আশ্রয় এবং ফের ঘুরে দাঁড়ানোর শক্তি নিয়ে আসছি।”
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সীমান্ত এলাকা
নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস থেকে ভয়াবহ জলস্রোত তৈরি হয়ে একাধিক এলাকায় বন্যা ও ধস নামে। রাস্তাঘাট, সেতু, ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালাতে গিয়ে। প্রাথমিক রিপোর্টে মৃতের সংখ্যা ১৬০-র কাছাকাছি বলা হলেও সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। একই সঙ্গে বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ। এর মধ্যেই একাধিক ভারতীয়ও রয়েছেন। বিভিন্ন রিপোর্টে নিখোঁজের সংখ্যা কয়েকশো থেকে প্রায় ১,৫০০ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়তেই তারকাদের বার্তা
এই ভয়াবহ পরিস্থিতিতে একাধিক তারকা নেপালের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। নেপালি অভিনেত্রী মনীষা কৈরালা সোশ্যাল মিডিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনার আবেদন জানিয়েছেন। ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুঙও সংহতি প্রকাশ করেছেন। এর মাঝেই দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত সোনু সুদ (Sonu Sood) এবার নেপালের বিপর্যয়েও সাহায্যের হাত বাড়ানোর কথা জানিয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে খাবার, আশ্রয় এবং পুনর্গঠনে সহযোগিতার কথা বলা হয়েছে।
সোনুর (Sonu Sood) এই বার্তার পর তাঁর অনুরাগীদের একাংশ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তবে তাঁর পক্ষ থেকে কীভাবে এবং কতটা ত্রাণ পৌঁছবে, সে বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই দুর্যোগের পরিস্থিতিতে সোনু সুদের সাহায্যের বার্তা নতুন করে আশার সঞ্চার করেছে। বিপর্যস্ত নেপাল কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, এখন সেদিকেই নজর উদ্ধারকারী দল এবং আন্তর্জাতিক মহলের।


