কলকাতা: সমাজমাধ্যমে বরাবরই বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। বিজেপির বিরুদ্ধে সরাসরি সমাজমাধ্যমে প্রশ্ন করায় হুমকির মুখেও পড়েন তিনি। আবার একতরফা বলে কটাক্ষও শুনতে হয় তাঁকে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহেও সমাজমাধ্যম হোক বা নিজের ইউটিউব চ্যানেল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মত প্রকাশ করেছেন তিনি। তাঁর নাম ধ্রুব রাঠি (Dhruv Rathee)।
এবার ভোটের মুখে সুরাট থেকে পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য বিনামূল্যে বিশেষ ট্রেন চালাচ্ছে বিজেপি, অভিযোগে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে কমিশনে নালিশ জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ধ্রুব রাঠিও (Dhruv Rathee)।
X Link: https://x.com/dhruv_rathee/status/2046906527340990504
গতকাল অর্থাৎ বুধবারই ‘মেঘ আপডেটস’ নামক একটি এক্স অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করেন তিনি (Dhruv Rathee)। যেখানে একটি ট্রেনের ভিডিও সহ লেখা ছিল, “সুরাট থেকে বাংলায় যাওয়ার জন্য বিজেপি আয়োজিত বিশেষ ট্রেন কাচ্ছে। ভোট দিতে যাওয়া সমর্থকদের সঙ্গ দিচ্ছেন গুজরাট বিজেপির সদস্যরা।” এখানেই শেষ নয়, ডেরেক ও’ব্রায়েনের দায়ের কড়া অভিযোগের পরও এক্সে পোস্ট করলেন ধ্রুব রাঠি (Dhruv Rathee)।
তৃণমূল সাংসদ-এর অভিযোগ, এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী একাধিক দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়তে পারে। এর মধ্যে রয়েছে ‘ঘুষ’ (ধারা ১২৩(১)), নির্বাচনে ‘অযাচিত প্রভাব’ খাটানো (ধারা ১২৩(২)) এবং ভোটারদের বিনামূল্যে যাতায়াতের জন্য বেআইনিভাবে পরিবহণের ব্যবস্থা করা (ধারা ১২৩(৫))। ধ্রুব রাঠি (Dhruv Rathee) লেখেন, “অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখা যাক, নির্বাচন কমিশন এতে আমল দেয় কি না।”


