Aaj lndia Desk, কলকাতা: জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে বড় পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। এসপ্ল্যানেডের ময়দান মার্কেটের ৫২৮ জন ব্যবসায়ীকে আগামী ২৬ আগস্টের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে।
জানা গিয়েছে, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের এসপ্ল্যানেড স্টেশন নির্মাণ হবে বর্তমান ময়দান মার্কেটের নিচে। সেই কারণেই আপাতত মার্কেট খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি স্থায়ী উচ্ছেদ নয়। মেট্রো প্রকল্পের নির্মাণকাজের সুবিধার জন্য ব্যবসায়ীদের সাময়িকভাবে অন্যত্র স্থানান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাজ্যের পূর্ত দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যেই ৫২৮ জন ব্যবসায়ীকে দোকান খালি করতে হবে। প্রশাসন সূত্রে খবর, তাঁদের জন্য বিকল্প জায়গারও ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে অস্থায়ীভাবে ব্যবসায়ীদের স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।
উল্লেখ্য, এসপ্ল্যানেড স্টেশন নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ীদের স্থানান্তরের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। অতীতে এই ইস্যুতে একাধিকবার টানাপড়েন তৈরি হলেও পরবর্তীতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথে এগোয় কর্তৃপক্ষ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার নোটিশ জারি করা হয়েছে।
এদিকে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজও দ্রুত এগোচ্ছে। ভিক্টোরিয়া স্টেশনের নির্মাণকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। টানেল বোরিং মেশিনও ভিক্টোরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার এসপ্ল্যানেড স্টেশনের কাজ দ্রুত শুরু করতেই ময়দান মার্কেট খালি করার প্রক্রিয়ায় জোর দিচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)।


