Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : তৃণমূলের অন্দরে নেতৃত্ব ও সাংগঠনিক কার্যকলাপ নিয়ে চর্চার মাঝেই ফের অভিযোগের তীর অভিষেকের (Abhishek Banerjee) দিকে।এতদিন ধরে অভিষেকের ঔদ্ধত্য, দলীয় নেতৃত্ব ও দুর্নীতি ঘিরে তাঁর দলের নেতাদেরই অসন্তোষ প্রকাশ্যে আসার পর এবার তার চালু করা সেবাশ্রয় প্রকল্প ঘিরেও উঠল অভিযোগের আঙ্গুল। ডায়মন্ড হারবারের হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হলো সেবাশ্রয়ের লোগো-যুক্ত বিপুল পরিমাণ ওষুধ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।
কোটি টাকার ওষুধ নিয়ে উঠছে প্রশ্ন
স্থানীয় সূত্র ও রাজনৈতিক মহলের একাংশের দাবি, উদ্ধার হওয়া ওষুধগুলির আর্থিক মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। ঘটনা সামনে আসার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি ওষুধগুলি সত্যিই বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে, তাহলে সেগুলি বিতরণের আগেই কেন ব্যবহার করা গেল না? স্টক ম্যানেজমেন্টে কোনও ঘাটতি ছিল কি? কত মানুষের চিকিৎসায় এই ওষুধ কাজে লাগতে পারত?
আর্থিক অনিয়মের অভিযোগ বিজেপির
বিজেপির অভিযোগ, উদ্ধার হওয়া ওষুধের ঘটনা শুধুমাত্র প্রশাসনিক গাফিলতির বিষয় নয়। শাসক দলের দাবি, অতিরিক্ত ক্রয়, ভুয়ো বিল বা সম্ভাব্য আর্থিক অনিয়মের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। তাঁদের বক্তব্য, এই পুরো ঘটনার জন্য দায়ী মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ। তিনি অভিষেকের (Abhishek Banerjee) বিশেষ ঘনিষ্ঠ ও প্রভাবশালী ছিলেন বলেও জানিয়েছেন বিজেপি নেতারা।
তৃণমূলের পাল্টা দাবি
তৃণমূল কংগ্রেস অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। দলের বক্তব্য, উদ্ধার হওয়া ওষুধগুলি মেয়াদোত্তীর্ণ ছিল এবং স্বাস্থ্যবিধি মেনে সেগুলির নিষ্পত্তি করা হয়েছিল। দলের দাবি, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
সেবাশ্রয় প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন
সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অন্যতম পরিচিত স্বাস্থ্য উদ্যোগ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা এবং ওষুধ বিতরণের দাবি করা হয়। নির্বাচনের আগে এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছেন বলেও তৃনমূলের পক্ষ থেকে প্রচার করা হয়।তবে এই প্রকল্পের অর্থের উৎস, ওষুধ সংগ্রহের প্রক্রিয়া, ক্রয়-বিক্রয়ের হিসাব এবং অডিট সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি তৃনমূল। এই তথ্য সীমিত হওয়ায় নতুন করে এই প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।


