Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের পরেই কেন্দ্র অনুযায়ী ইভিএমগুলি (EVM) সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন স্ট্রং রুমে। তবে ভোট সম্পন্ন হওয়ার পরেই এই ইভিএম ও স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। দুই শিবিরেরই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এর মধ্যেই শ্রীরামপুর, বর্ধমান ও বারাসাতে সিসিটিভি ক্যামেরা কিছু সময়ের জন্য কাজ না করার অভিযোগ করে তৃনমূল কংগ্রেস।
সিসিটিভি বিকল থাকার অভিযোগ
শনিবার সকালে তৃনমূলের তরফে জানানো হয়, শ্রীরামপুরে ইভিএম (EVM) সংরক্ষন কেন্দ্রে সিসিটিভি ২০ মিনিট এবং বর্ধমান ও বারাসাতে ৩০ মিনিট করে বন্ধ ছিল। দলীয় মতে, বিশেষ করে যেই সব এলাকায় তৃণমূল শক্তিশালী সেই সব জায়গায় এই ধরনের ঘটনা প্রতিদিনই ঘটছে।
উল্লেখ্য , এর আগেই গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কাছে ইভিএম (EVM) স্ট্রং রুমের বাইরে তৃণমূল নেতারা বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের অভিযোগ অনুযায়ী, অনুমোদিত প্রতিনিধিদের অনুপস্থিতিতে পোস্টাল ব্যালট খোলা ও বাছাইয়ের কাজ চলেছে। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে বলে দাবি করেছিলেন তৃনমূলের শশী পাঁজা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঝড় জল উপেক্ষা করে স্ট্রং রুমে গিয়ে সেই রুম পাহারা দিতে দেখা যায়।
ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কমিশনের
এবারের নির্বাচনে বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ব্যাপকভাবে। কমিশন পোস্ট-পোল গাইডলাইন জারি করে সিসিটিভি ডেটা সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে। বিভিন্ন দলের অভিযোগের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন রিয়েল-টাইম মনিটরিংও করছে। এই বিপুল পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এই ধরনের অভিযোগ নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। তবে এই ঘটনাগুলি নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বা প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


