28 C
Kolkata
Wednesday, November 11, 2026
spot_img

লালমাটি ফের পরিণত হবে লাল দুর্গে ? সিপিএমকে চাঙ্গা করতে কী ছক দেবলীনা হেমব্রমের?

Aaj India Desk, বাঁকুড়া : একসময় বাঁকুড়া ছিল বামেদের শক্ত ঘাঁটি। লালমাটির সেই দুর্গে আজ রাজনৈতিক পালাবদলের পর বিজেপির দাপট। বদলে গিয়েছে ক্ষমতার সমীকরণ, ক্রমশ পিছিয়েছে সিপিএম। কিন্তু হারানো জমি ফিরে পেতে এবার আর হাত গুটিয়ে বসে থাকতে নারাজ বামেরা। সেই লক্ষ্যেই ময়দানে নেমেছেন বাম জমানার প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম (Deblina Hembram)। একসময় প্রশাসনের টেবিলের ওপারে বসে আধিকারিকদের নির্দেশ দিতেন যে নেত্রী, তিনিই এখন গ্রামের মেঠো পথে হাঁটছেন। শুনছেন মানুষের অভাব-অভিযোগ, কথা বলছেন দলীয় কর্মীদের সঙ্গে, তৈরি করছেন আন্দোলনের রূপরেখা। প্রশ্ন একটাই, দেবলীনার হাত ধরে কি ফের লাল হবে বাঁকুড়ার মাটি?

২০২৫ সালের জানুয়ারিতে বাঁকুড়া জেলা সম্মেলন থেকে জেলা সম্পাদকের দায়িত্ব পান দেবলীনা (Deblina Hembram)। তারপর থেকেই সংগঠন গোছানোর কাজে ব্যস্ত তিনি। বাঁকুড়ার ৪৪টি এরিয়া কমিটির সাংগঠনিক কাজকর্মের উপর নজর রাখা, জেলা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ, শাখা স্তরে সংগঠন মজবুত করা এবং নিষ্ক্রিয় কর্মীদের ফের সক্রিয় করাই তাঁর অন্যতম লক্ষ্য। মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। পাশাপাশি এরিয়া কমিটির দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক পর্যালোচনাও চলে। নতুন সদস্য সংগ্রহ থেকে শুরু করে গণসংগঠনগুলির কর্মসূচির সমন্বয় সব ক্ষেত্রেই সরাসরি যুক্ত থাকতে হচ্ছে তাঁকে।

শুধু দলীয় কার্যালয়ে বসে সাংগঠনিক পরিকল্পনা নয়, মানুষের কাছে পৌঁছনোকেও গুরুত্ব দিচ্ছেন দেবলীনা (Deblina Hembram)। কখনও রানিবাঁধের প্রত্যন্ত আদিবাসী গ্রাম, কখনও বারিকুল, রাইপুর, সারেঙ্গা, সিমলাপাল কিংবা খাতড়া। গ্রামের মেঠো রাস্তা ধরে মানুষের সঙ্গে কথা বলা, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক, কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা—সবই রয়েছে তাঁর দৈনন্দিন কর্মসূচিতে। বাঁকুড়া শহরের মাচানতলা, নতুনগঞ্জ, লোকপুর, কেন্দুয়াডিহি, কাটজুড়িডাঙা ও জুনবেদিয়া এলাকার দলীয় কর্মসূচিতেও নিয়মিত অংশ নিতে হয় তাঁকে। এর পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সংগঠনের দায়িত্বও সামলাতে হচ্ছে।

দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, গ্রামীণ সমস্যা এবং রাজ্যের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি তৈরিতেও গুরুত্ব দিচ্ছে জেলা নেতৃত্ব। শুধু পুরনো কর্মীদের সক্রিয় করাই নয়, নতুন প্রজন্মের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়ানোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

একসময় যে লালমাটিতে বামেদের রাজনৈতিক আধিপত্য ছিল, সেখানে ফের সংগঠনের ভিত শক্ত করতে চাইছে সিপিএম। প্রশাসনিক ক্ষমতার বাইরে দাঁড়িয়ে এবার মানুষের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের পথেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেবলীনা হেমব্রম। তবে এই সাংগঠনিক তৎপরতা কতটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে, আর কতটা ফিরবে বাঁকুড়ার হারানো লাল দুর্গের শক্তি, তার উত্তর দেবে আগামী দিনের রাজনীতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন