Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: ভোটের আর মাত্র চার দিন বাকি। তার আগেই পূর্ব মেদিনীপুরে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার অভিযোগ তুলেছিলেন, নির্বাচনের আগে রাজ্যে টাকা ছড়ানো হচ্ছে। সেই আবহের মধ্যেই এবার জেলার বিভিন্ন এলাকায় টানা তল্লাশিতে সামনে এল বড়সড় উদ্ধারকাণ্ড।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দাবি, শুধু নগদ টাকা নয়, বেআইনি অস্ত্রও মিলেছে অভিযানে। গত তিন থেকে চার দিনের মধ্যে জেলার বিভিন্ন জায়গা থেকে মোট প্রায় ২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে শুক্রবার রাতে নন্দকুমার থানার নিকাশি বাজার এলাকা থেকে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই অভিযানে ১৬টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। প্রথম দফার বিধানসভা ভোটকে সামনে রেখে জেলার ২৫টি থানার এলাকায় কড়া নজরদারি চলছে। একাধিক জায়গায় নাকা চেকিং বসিয়ে চলছে যানবাহন তল্লাশি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি (BJP)-এর অভিযোগ, ময়না বিধানসভা এলাকায় ভোটারদের প্রভাবিত করতে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে।
অন্যদিকে তৃণমূল (TMC) সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতা শিবনাথ সরকার বলেন, “উদ্ধার হওয়া অর্থ তমলুক-ঘাটাল এলাকার একটি সমবায় সমিতির টাকা। প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়েছে। এই টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই এবং ভোটে ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” অন্যদিকে বিজেপি নেতা বামদেব গুছাইতের দাবি, “কেন্দ্রীয় বাহিনী ১ কোটি টাকা উদ্ধার করেছে। এই টাকা ভোটে ব্যবহারের পরিকল্পনা ছিল বলেই আমাদের সন্দেহ। ময়নায় তৃণমূলের হারের ব্যবধান আরও বাড়ছে, তাই ওরা মরিয়া হয়ে উঠেছে।”
জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় নজরদারি ও তল্লাশি অভিযান চলছে। শুক্রবার ১ কোটি টাকা উদ্ধার হয়েছে, পাশাপাশি অন্য জায়গা থেকেও নগদ অর্থ মিলেছে। সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত অর্থ আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।


