26.8 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

বাসযাত্রীদের বড় ধাক্কা! একলাফে বাড়তে চলেছে বাসভাড়া

Aaj India Desk,কলকাতা: কলকাতায় বেসরকারি বাসে যাতায়াতের খরচ বাড়তে পারে। দীর্ঘদিন ধরে বাসভাড়ায় কোনও পরিবর্তন না হওয়ায় এবার ন্যূনতম ভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস মালিক ও অপারেটরদের সংগঠন। তাঁদের দাবি, ২০১৮ সালে যে ভাড়ার কাঠামো কার্যকর হয়েছিল, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তা আর বাস্তবসম্মত নয়। তাই ভাড়া পুনর্নির্ধারণের পাশাপাশি রাজ্য সরকারের কাছে কিছু আর্থিক ছাড়ের আবেদনও জানানো হয়েছে।

বাস মালিকদের সংগঠনের বক্তব্য, গত আট বছরে ডিজেলের দাম, বাসের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাসভাড়ায় কোনও সংশোধন হয়নি। এর পাশাপাশি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হওয়ার পর বেসরকারি বাসে যাত্রীর সংখ্যা কমেছে বলেও দাবি সংগঠনের। ফলে আয় কমে যাওয়ায় বহু বাস মালিক আর্থিক চাপে পড়েছেন।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমান ন্যূনতম ৮ টাকার বাসভাড়া বাড়িয়ে ২০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, ২০১৮ সালের ভাড়ার ভিত্তিতে ২০২৬ সালে পরিষেবা চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। তাই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সংশোধন এখন সময়ের দাবি।

শুধু ভাড়া বৃদ্ধি নয়, বাস মালিকদের আরও একটি দাবি রয়েছে। তাঁদের আবেদন, যানবাহন সংক্রান্ত বকেয়া জরিমানা এককালীন মুকুব করা হোক, যাতে আর্থিক চাপ কিছুটা কমে। এই সমস্ত বিষয় নিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠকের আবেদনও ইতিমধ্যেই জানানো হয়েছে।

পরিবহণ মহলের একাংশের মতে, ব্যয় বৃদ্ধির সঙ্গে যাত্রী কমে যাওয়ায় শহরের একাধিক রুটে বেসরকারি বাস চালানো আগের মতো লাভজনক থাকছে না। সেই কারণেই বেশ কিছু রুটে বাসের সংখ্যাও কমানো হয়েছে। উল্লেখ্য, করোনা মহামারির আগে কলকাতায় প্রায় ৬ হাজার বেসরকারি বাস চলাচল করলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৩ হাজার ৫০০-তে। এখন রাজ্য সরকার এই প্রস্তাব নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করছে কলকাতার বেসরকারি বাসভাড়ার ভবিষ্যৎ। সরকার অনুমোদন দিলে বহু বছর পর বাসভাড়ায় বড় পরিবর্তন দেখা যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে প্রতিদিনের লক্ষ লক্ষ যাত্রীর দৈনন্দিন খরচে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন