কলকাতা: ছাব্বিশের ভোটে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে দল, তহবিল এমনকি প্রতীক ও যায় যায়! বিদ্রোহী ঋতব্রত শিবিরের সঙ্গে প্রতীক যুদ্ধে হেরে গেলে, জোড়াফুলের জায়গায় কি দলীয় প্রতীক নির্বাচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বর্তমানে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, জোড়াফুল হাতছাড়া হলেও ‘ফুলেই’ থাকবেন মমতা (Mamata Banerjee) । প্রতীক নিয়ে আইনি লড়াইয়ের আবহে রাজনৈতিক মহলে নতুন জল্পনা, যদি বিকল্প প্রতীক বেছে নিতে হয়, তবে কি সূর্যমুখী ফুলই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্ল্যান B’? এই জল্পনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।
সূর্যমুখী ও Gen-Z
বলা বাহুল্য, শুধু একটি ফুল নয়, সূর্যমুখীকে ঘিরে রয়েছে নতুন প্রজন্মের এক আলাদা সাংস্কৃতিক পরিচয়। নানা দেশে Gen Z-দের কাছে সূর্যমুখী এখন ইতিবাচকতা, বন্ধুত্ব, ভালোবাসা এবং উদ্যাপনের প্রতীক হিসেবে জনপ্রিয়। প্রেম নিবেদন থেকে শুরু করে শিক্ষককে ধন্যবাদ জানানো, বিভিন্ন উপলক্ষেই গোলাপের বদলে সূর্যমুখী উপহার দেওয়ার প্রবণতা বেড়েছে জেন-জি এর কাছে। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে ভ্যালেন্টাইনস ডে-তেও সূর্যমুখীর চাহিদা বেড়েছে বলে।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের একাংশের জল্পনা, যদি কখনও বিকল্প প্রতীক বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে তরুণ ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সূর্যমুখীর মতো একটি প্রতীক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, জোড়াফুল প্রতীক নিয়ে লড়াই ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সম্প্রতি তিনি বলেন, “আমি জানি ওরা প্রতীক পাবে না। কিন্তু যদি… আমাদের দল শেষ করার জন্য প্রতীক দিয়েও দেন, তাতেও কিছু যায় আসে না। দরকার হলে আমি গলায় প্রতীক ঝুলিয়ে মানুষের কাছে বেরোব।”এদিকে বিদ্রোহী শিবিরের অন্যতম নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, প্রতীক ও স্বীকৃতির বিষয়টি নিয়ে তাঁর বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁর কথায়, “জোড়াফুলটা আগে কে পাবে, সেটা ঠিক হয়ে যাক, খুব শীঘ্রই হয়ে যাবে।”
ফলে রাজনৈতিক লড়াই এখন শুধু নেতৃত্ব বা সংগঠনেই সীমাবদ্ধ নয়, প্রতীক নিয়েও তুঙ্গে জল্পনা। আর সেই জল্পনার কেন্দ্রেই উঠে এসেছে এক নতুন নাম, সূর্যমুখী। তবে এখনও পর্যন্ত এটি রাজনৈতিক মহলে ঘোরাফেরা করা জল্পনা, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনও সিদ্ধান্ত নয়।


