Aaj India Desk, কলকাতা: তীব্র দাবদাহের মধ্যে কি স্বস্তির ইঙ্গিত? শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ (Thunder shower) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গের দিকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি আরও বাড়বে বলে জানানো হয়েছে। সোমবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে, কোথাও কোথাও তা ৪০ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে অস্বস্তিকর গরম বেশি অনুভূত হবে। উইকেন্ড জুড়ে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভ্যাপসা গরমের দাপট থাকবে।
উত্তরবঙ্গে শনিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। নিচের দিকের তিন জেলায়ও ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার ও সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এই ঝড়-বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।


