Aaj India Desk, কলকাতা: প্রথম দফার ভোটের আর মাত্র পাঁচদিন বাকি। তার আগেই শহরজুড়ে জোরদার নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই আবহেই খাস কলকাতা (Kolkata)-র বুকে মিলল অস্ত্র ও কার্তুজের মজুত। দিনের বেলাতেই ব্যাগে করে আগ্নেয়াস্ত্র বহন করা হচ্ছিল বলে অভিযোগ। কলকাতা পুলিশের এসটিএফ (STF) তল্লাশি চালিয়ে রাজাবাজার সায়েন্স কলেজ (Rajabazar Science College) সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে।
শনিবার সকালে সন্দেহজনকভাবে ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করেন এসটিএফের গোয়েন্দারা। এরপর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬টি সিঙ্গল শটার বন্দুক এবং ১৪ রাউন্ড কার্তুজ। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, অস্ত্রগুলি কোথাও সরবরাহের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কার হাতে তা পৌঁছানোর কথা ছিল, কোথা থেকে আনা হয়েছিল, এবং এর পিছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, নির্বাচনের ঠিক আগে শহরের ব্যস্ত এলাকায় এভাবে দিনের আলোয় অস্ত্র উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।
নগদ উদ্ধারের ঘটনাও সামনে
এর আগেও কলকাতা ও হাওড়ায় একাধিক অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। সম্প্রতি বালিগঞ্জ বিধানসভা এলাকায় নাকা তল্লাশির সময় একটি গাড়ি থেকে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশন।
অন্যদিকে, কয়েকদিন আগে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় আরপিএফের তল্লাশিতে ৭২ লক্ষ টাকারও বেশি নগদ সহ দুই সন্দেহভাজনকে আটক করা হয়। বেনারস ব্রিজ লাগোয়া রেল ইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে সেই টাকা উদ্ধার করা হয়েছিল।


