কলকাতা: সামনেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণে সামিল হবে পশ্চিমবঙ্গ (West Bengal Assembly Election 2026)। দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ মে। কিন্তু এই উৎসবে বন্ধ থাকবে মদের দোকান। একবারে বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন।
সোমবারেই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা বাহুল্য, ভোটের আগে এমনিতেই জায়গায় জায়গায় অশান্তির ঘটনা সামনে উঠে আসছে। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের (Election Commission) কড়া হুঁশিয়ারি সত্ত্বেও বাস্তবে অশান্তি আটকাতে কোথাও যেন ফাঁকফোকর থেকে যাচ্ছে। আর যেকোনো জায়গার অশান্তিতে ‘আগুনে পেট্রোল ঢালার’ মত কাজ করে মদ।
তাই ১৩৫ (সি) ধারা অনুযায়ী নির্বাচনের সময় ৪৮ ঘন্টা আগে থেকে যে কোনও হোটেল, রেস্তরাঁ, দোকানে মদ বিক্রি করা নিষিদ্ধ। যা কার্যকর থাকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত। গণনার দিনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হয়। এই নিয়ম ভঙ্গের কড়া শাস্তি।
বিজ্ঞপ্তিতে কি লিখেছে নির্বাচন কমিশন?
তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে (West Bengal Assembly Election 2026)। সব রাজ্যে ভোট গণনা হবে ৪ মে ২০২৬। আইন অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার আগের ৪৮ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় ‘ড্রাই ডে’ থাকবে। এই সময়ে কোনও মদ বিক্রি, পরিবেশন বা বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ। পুনর্নির্বাচন হলেও একই নিয়ম প্রযোজ্য হবে।
X Link: https://x.com/ECISVEEP/status/2046150477390488003
এছাড়া ৪ মে ভোট গণনার দিনেও ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। ওই সময়ে মদের দোকান, হোটেল, রেস্তোরাঁ, বার বা ক্লাব, কোথাও মদ বিক্রি বা পরিবেশন করা যাবে না। ব্যক্তিগতভাবে মদ মজুত রাখার ক্ষেত্রেও কড়া নিয়ন্ত্রণ থাকবে এবং এক্সাইজ আইনের বিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে, বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।


