কলকাতা: ভোটের দিন সকাল সকাল লাইনে দাঁড়িয়ে, হাতে ভোটার কার্ড, সব প্রস্তুতি সেরে ফেলেও শেষ মুহূর্তে শুনতে হতে পারে, “এই কাগজটা কোথায়?” আর সেটাই যদি না থাকে, তাহলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগই হাতছাড়া! ছাব্বিশের বিধানসভা (West Bengal Assembly Election 2026) ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের একগুচ্ছ নতুন নিয়ম ও প্রক্রিয়া! এসআইআর-এ নাম তোলা থেকে শুরু করে তালিকা সংশোধন, সব কিছু মেনে চলার পরেও কেন বুথ থেকে ফিরতে হতে পারে আপনাকে? ঠিক কোন গুরুত্বপূর্ণ কাগজটি এখন ‘মাস্ট’, আর কেন তা এত জরুরি? জানুন এই প্রতিবেদনে।
এবারের বিধানসভা নির্বাচনে ভোটদানের জন্য এই নতুন নিয়ম জানেন কি?
এতকাল ভোটের দিনকয়েক আগে রাজনৈতিক দলগুলো বাড়ি বাড়ি গিয়ে স্লিপ বিলি করত। ভোটের দিন ওই স্লিপ এবং ভোটার কার্ড নিয়েই ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়াতেন ভোটাররা। কিন্তু এবার এই নিয়মে বড়সড় পরইবরতন এনেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের বাকি আর মাত্র দু-দিন। তার আগে BLO-দের বাকি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
কমিশনের নির্দেশ অনুযায়ী, BLO-দের আবারও ভোটারদের বাড়ি বাড়ি ঘুরতে হবে। তাঁদের হাতে তুলে দিতে হবে কমিশনের নির্দিষ্ট করা ভোটার স্লিপ (Voter Slip)। এই স্লিপ নেওয়ার জন্য নির্দিষ্ট ভোটার বাড়িতে না থাকলে তাঁর কোনও নিকটাত্মীয় তা সংগ্রহ করতে পারবেন। যার জন্য ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের পরিচয়পত্র দেখাতে হবে। বিএলও-র কাছ থেকে স্লিপ নিয়ে রেজিস্টারে সই করতে হবে। যেসকল ভোটার বাইরে থাকেন তাঁদের বাড়িতে একাধিকবার যাবেন বিএলও-রা। কিন্তু ভোটারদের একান্তই পাওয়া না গেলে বা স্লিপ (Voter Slip) সংগ্রহের জন্য তাঁদের কোনও নিকটাত্মীয়কেও পাওয়া না গেলে তা বুথের প্রিসাইডিং অফিসারকে বিস্তারিতভাবে জানাবেন বিএলও।
ভোটার স্লিপ না থাকলে কি ভোট দেওয়া যাবে?
হ্যাঁ, যাবে। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট বৈধ পরিচয়পত্র দেখাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। শুধু তাই নয়, কেন ভোটার স্লিপ পাননি, সেটিও জানাতে হতে পারে প্রিসাইডিং অফিসারকে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার স্লিপ (Voter Slip) বাড়ি বাড়ি বিলির সময় আরও একবার তালিকা খতিয়ে দেখা হবে, যাতে কোনও মৃত, বাদ পড়া বা স্থানান্তরিত ভোটারের নাম ভুল করে তালিকায় থেকে না যায়। এমন কিছু নজরে এলে তা সঙ্গে সঙ্গে BLO-কে জানাতে হবে, এবং প্রয়োজন হলে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারকেও অবহিত করা হবে।
আর যদি কোনও কারণে আপনার হাতে ভোটার স্লিপ (Voter Slip) না পৌঁছায়, ধরা যাক BLO এসে আপনাকে না পেয়ে ফিরে গিয়েছেন, তাহলে দেরি না করে নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর ১৯৫০-এ যোগাযোগ করুন। আপনি স্লিপ পাননি জানালে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।


