31.6 C
Kolkata
Friday, July 31, 2026
spot_img

বর্ধমানে জইশ যোগের অভিযোগে গ্রেপ্তার! ধৃতের কাছে মিললো মুখ্যমন্ত্রীর সফরসূচি?

Aaj India Desk, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের রেনেসাঁ হাউজিং থেকে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারীদের দাবি, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিস্তারিত তথ্য উদ্ধার হয়েছে। অভিযোগ, সেই তথ্য ব্যবহার করে মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হবে।

বর্ধমানে অভিযানে গ্রেপ্তার

ধৃতের নাম হামিদ মণ্ডল। তদন্তকারী সূত্রের দাবি, তিনি হাওড়ার পিলখানা এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন একটি পোশাক প্রস্তুতকারক কারখানায় কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে তিনি পূর্ব বর্ধমানের রেনেসাঁ হাউজিংয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এলাকাবাসীর দাবি, তিনি খুব একটা মেলামেশা করতেন না এবং নিজের মতোই থাকতেন।

বৃহস্পতিবার রেনেসাঁ হাউজিংয়ের জিমে শরীরচর্চা করার সময় আচমকাই সেখানে অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারীদের দাবি, আগে থেকেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

জইশ যোগের দাবি তদন্তকারীদের

এসটিএফের দাবি, হামিদ মণ্ডল জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি সংগঠনের সদস্য এবং কাশ্মীরের জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, তিনি পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং আইএসআই-ঘনিষ্ঠ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই সমস্ত অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।

সফরসূচি উদ্ধারের দাবি

তদন্তকারীদের দাবি, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচি সংক্রান্ত একাধিক তথ্য উদ্ধার হয়েছে। কোথায় তিনি যাবেন, গাড়ি কোথায় থাকবে, কখন যাত্রা করবেন এবং পরবর্তী কর্মসূচি কী এই ধরনের তথ্য তাঁর কাছে ছিল বলে অভিযোগ। শুধু মুখ্যমন্ত্রীর নয়, আরও কয়েকজন ভিআইপির সফরসূচিও ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, হামিদ মণ্ডল কার নির্দেশে এই তথ্য সংগ্রহ করছিলেন এবং এর পিছনে বৃহত্তর কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সম্ভাব্য যোগাযোগ ও নেটওয়ার্কের সন্ধান করার চেষ্টা চলছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে শুক্রবার আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁর হেফাজতের আবেদন জানানো হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন