Aaj lndia Desk,কলকাতা: অন্নপূর্ণা যোজনা ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যোগ্য হয়েও অনেক আবেদনকারী এখনও ভাতার টাকা না পাওয়ায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে। সেই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর দাবি, যাচাই প্রক্রিয়া চলছে এবং যোগ্য প্রত্যেকেই ধাপে ধাপে টাকা পাবেন।
‘তাড়াহুড়োর কী আছে’, বললেন মুখ্যমন্ত্রী
শনিবার অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জুন মাসে প্রায় ২৮ লক্ষ, জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ এবং আগস্টে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মানুষকে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, প্রক্রিয়া এখনও চলছে। তাই যাঁরা যোগ্য, তাঁদেরও ধৈর্য ধরতে হবে। আবেদন করলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে এমনটা নয় বলেই স্পষ্ট করেন তিনি।
বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া মন্তব্য
অন্নপূর্ণার টাকা না পাওয়াকে কেন্দ্র করে মহিলাদের একাংশের বিক্ষোভ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাঁরা সরকারের কাছ থেকে পাওয়ার যোগ্য, তাঁরা অবশ্যই সুবিধা পাবেন। পাশাপাশি যাঁরা তাঁকে ভোট দেননি এবং ভবিষ্যতেও দেবেন না, তাঁদের উদ্দেশে কড়া মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, রাস্তায় চিৎকার বা প্রতিবাদ করে কোনও লাভ হবে না। সরকার কোনও চাপের কাছে মাথা নত করবে না বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী।
১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা দেওয়ার আশ্বাস
এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাচাইয়ে যোগ্য হিসেবে চিহ্নিত উপভোক্তাদের প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়া ব্যক্তিদের অভিযোগ জানানোর জন্য সরকারি পোর্টালের ব্যবস্থাও করা হয়েছে।
আগস্টে টাকা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা
জুন ও জুলাইয়ের শুরুতেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হলেও অগস্টে নির্ধারিত সময়ে টাকা না ঢোকায় অনিশ্চয়তা তৈরি হয়। পরে যাচাই প্রক্রিয়া চলার মধ্যেই ১৭ তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়। তবে এখনও বহু যোগ্য আবেদনকারী মাসে ৩,০০০ টাকার সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করছেন। সেই অভিযোগকে কেন্দ্র করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে।


