24 C
Kolkata
Monday, November 23, 2026
spot_img

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জল্পনা! পেট্রাপোল সীমান্তে বাড়ল নজরদারি, যুদ্ধকালীন প্রস্তুতি বিজিবির

Aaj lndia Desk, নয়াদিল্লি: ভারত -বাংলাদেশ সীমান্তে আচমকাই নিরাপত্তার কড়াকড়ি বাড়িয়েছে ঢাকা। সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত জওয়ান মোতায়েন থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকদের পরিদর্শন—সব মিলিয়ে নতুন করে নজর কাড়ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (Border Guard Bangladesh ) গতিবিধি। বিশেষ করে যশোরের বেনাপোল সীমান্তকে কেন্দ্র করে এই তৎপরতা বেড়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ছড়িয়ে পড়া খবরই এই নিরাপত্তা প্রস্তুতির অন্যতম কারণ বলে জানা যাচ্ছে। যদিও তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য নেই।

পেট্রাপোলে আওয়ামি লিগের নেতারা, ওপারে বিজিবির বৈঠক

রবিবার বনগাঁর পেট্রাপোল (Petrapole) সীমান্তে যান আওয়ামি লিগের (Awami League) চার গুরুত্বপূর্ণ নেতা। তাঁদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর কবির নানক (Jahangir Kabir Nanak), মোফাজ্জল হোসেন মায়া (Mofazzal Hossain Maya), বাহাউদ্দিন নাছিম (Bahauddin Nasim) এবং আলাউদ্দিন নাসিম (Alauddin Nasim)। ভারতের এই সীমান্ত চৌকির ঠিক বিপরীতেই রয়েছে বাংলাদেশের বেনাপোল (Benapole)। ঘটনাচক্রে, ওই সময় বেনাপোলেও উপস্থিত ছিলেন বিজিবির একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

হেলিকপ্টারে পৌঁছে জওয়ানদের বিশেষ নির্দেশ

ঢাকা থেকে হেলিকপ্টারে বেনাপোলে পৌঁছে বাহিনীর সদস্য ও স্থানীয় কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন বিজিবির কর্তারা। জানা গিয়েছে শেখ হাসিনা যাতে কোনওভাবেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

যশোর সীমান্তে বিজিবির ৪৯তম ব্যাটেলিয়নের (49th Battalion) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান (Lieutenant Colonel Golam Alam Saiful Alam Khan) দীর্ঘক্ষণ বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তাঁর নির্দেশ, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে বেআইনি প্রবেশ—কোনও ঘটনাই বরদাস্ত করা হবে না।

নজরদারির আওতায় ত্রিপুরা ও মেঘালয়ও

বিজিবির দাবি, নিষিদ্ধ আওয়ামি লিগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অস্থিরতা তৈরির উদ্দেশ্যে নানা ধরনের প্রচার চালাচ্ছেন। শেখ হাসিনার বেনাপোল দিয়ে দেশে ফেরার খবরও তেমনই একটি গুঞ্জন বলে দাবি বাহিনীর। এই পরিস্থিতিতে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।

বাংলাদেশ প্রশাসন সূত্রে আরও জানা যাচ্ছে, যশোরের পাশাপাশি ত্রিপুরা ও মেঘালয় সীমান্তেও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, পেট্রাপোলের পর আওয়ামি লিগের নেতাদের ত্রিপুরা সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। ফলে সীমান্তের দুই প্রান্তে সাম্প্রতিক এই তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন