Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: রবিবার রাতে হঠাৎই অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে আতঙ্ক তৈরি হল বসিরহাটের (Basirhat ammonia gas leak) হাড়োয়ায় । শাপুকুর এলাকার একটি বরফ কারখানা থেকে গ্যাস বেরিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাসের ঝাঁঝালো গন্ধে চোখ জ্বালা, শ্বাসকষ্ট-সহ নানা সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ (Sick) হয়ে পড়েন শিশু ও মহিলা-সহ অন্তত ২৫ জন। তাঁদের দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
স্থানীয়দের দাবি, রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই কারখানা থেকে গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে না পেরে অনেকেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এর মধ্যেই কয়েকজনের শ্বাস নিতে সমস্যা শুরু হয় এবং চোখেও জ্বালা হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন (Fire Engine)। কোথা থেকে গ্যাস বেরিয়েছে, তা খুঁজে বের করার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা।
ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকায় এমন কারখানা রাখা নিয়ে প্রশ্ন তুলে সেটি বন্ধ করার দাবি জানান তাঁরা। বেড়াচাঁপা-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটছে।
দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারখানাটি আদৌ নিয়ম মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


