36 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

মমতার অভিযোগেই সায়! ‘আমরাই লোক ঢোকাচ্ছি’ কী বললেন শমীক?

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (Assembly Election) ঘিরে যখন রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে, ঠিক সেই সময় সামনে এল নতুন এক বিতর্ক। রাজ্যে বাইরে থেকে লোক এনে ভোট করানোর অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সেই মন্তব্যকে  ঘিরেই এবার পাল্টা জবাব দিল বিজেপি (BJP) নেতৃত্ব। তবে শুধু জবাবই নয়, সেই প্রসঙ্গে এক বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা পুরোপুরি অস্বীকার করার কিছু নেই। তাঁর কথায়, “হ্যাঁ, বাইরে থেকে ভোটার আসছেন, কিন্তু তাঁরা কেউ বহিরাগত নন। তাঁরা পশ্চিমবঙ্গেরই মানুষ, যাঁরা কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন।” বিজেপির দাবি, ভোটে অংশ নিতে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি-সহ একাধিক রাজ্যে কর্মরত বাংলার বহু পরিযায়ী শ্রমিক এবার নিজের রাজ্যে ফিরছেন। সেই উদ্দেশ্যে ৭৩টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, দীর্ঘদিন ধরে জীবিকার সন্ধানে ভিনরাজ্যে থাকা বাংলার শ্রমজীবী মানুষদের এবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, যাঁরা বছরের পর বছর বাইরে থেকে পরিশ্রম করে সংসার চালিয়েছেন, তাঁরা এবার নিজেদের ভোট নিজের রাজ্যে এসে দেবেন। এতে অন্যায় কিছু নেই, বরং এটিই সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেন, বহু ক্ষেত্রে বাংলাভাষী শ্রমিকদের অন্য রাজ্যে হেনস্তার অভিযোগ সামনে এসেছে। কোথাও ভাষার কারণে অপমান, কোথাও পরিচয়ের কারণে সমস্যার মুখে পড়তে হয়েছে। সেই মানুষগুলিই এবার বাংলায় ফিরে এসে ভোটে অংশ নিতে চাইছেন। তাঁর দাবি, উত্তরবঙ্গের বহু পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই নিজ নিজ এলাকায় পৌঁছে গিয়েছেন। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ধাপে ধাপে শ্রমিকদের ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস বরাবরই অভিযোগ করে আসছে, বিজেপি বাইরে থেকে লোক এনে ভোটে প্রভাব ফেলতে চাইছে। সেই অভিযোগের পাল্টা বিজেপি বলছে, এরা বাইরের কেউ নন-এরা বাংলারই ভোটার, যাঁরা কর্মসূত্রে রাজ্যের বাইরে ছিলেন মাত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক যদি সত্যিই রাজ্যে ফিরে ভোটে অংশ নেন, তাহলে তার প্রভাব একাধিক আসনের ফলাফলে পড়তে পারে। ফলে ‘বহিরাগত’ বনাম ‘নিজের রাজ্যের ভোটার’-এই বিতর্ক এখন নির্বাচনী লড়াইয়ের অন্যতম বড় ইস্যু হয়ে উঠছে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন