26.6 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

ধর্মতলার অশান্তির রেশ! প্রতিবাদে তিরঙ্গা নিয়ে পথে নামল বিজেপি!

Aaj India Desk, কলকাতা : শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত গত শুক্রবার বামপন্থী সংগঠনগুলির মিছিলের পর পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার একই রুটে ‘তিরঙ্গা যাত্রা’ (Tiranga Yatra) করল বিজেপি। শহরে আন্দোলনের নামে অশান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়ে জাতীয় পতাকা হাতে মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং বরানগরের বিধায়ক সজল ঘোষ।

সোমবার উত্তর কলকাতা সাংগঠনিক জেলার উদ্যোগে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত ‘তিরঙ্গা যাত্রা’ (Tiranga Yatra) অনুষ্ঠিত হয়। বিজেপির দাবি, গণতান্ত্রিক আন্দোলনের নামে শহরে অশান্তি ছড়ানো উচিত নয়। একই দিনে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্তও পৃথক একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের একাংশকে প্রতীকীভাবে কীটনাশকের স্প্রে বোতল হাতে বিক্ষোভ জানাতে দেখা যায় এবং বিভিন্ন স্লোগানও তোলা হয়।

মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি, কিন্তু ধর্মেন্দ্র প্রধান করেছেন। নির্বাচনে পরাজয়ের পরও তিনি পদত্যাগ করেননি। ২৬ হাজার চাকরি বাতিলের পরও পদত্যাগ করেননি। কিন্তু নিট পরীক্ষাকে ঘিরে বিতর্কের পরে জনগণের রায়কে সম্মান জানিয়ে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।” তাঁর দাবি, গণতন্ত্রে জনমত এবং নৈতিক দায়িত্বকে গুরুত্ব দেওয়া উচিত। মিছিলে উপস্থিত বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “১৬ জনকে গ্রেপ্তার করলে হবে না, ৫১৬ জনকে গ্রেপ্তার করতে হবে। ঘটনাকে পুনর্গঠন নয়, ভেঙে দিতে হবে।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির উদ্যোগে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল হয়। কর্মসূচির শেষে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ চলাকালীন ডোরিনা ক্রসিং সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশের অভিযোগ, ওই সময় তাদের লক্ষ্য করে ইট ও বোতল ছোড়া হয়। পাশাপাশি কয়েকজন সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগও ওঠে। ঘটনায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অ্যান্টি-গুন্ডা আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশও ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন