Aaj India Desk,কলকাতা: সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ফের বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এর ব্যক্তিগত সহকারী সুমিত রায় (Sumit Ray) । এই ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর(FIR )দায়ের হয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা-সহ আরও এক ব্যক্তির।
অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তদের তরফে। তবে নতুন এফআইআর দায়ের হওয়ার পরেই গোটা ঘটনায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
এর আগেই জমি জালিয়াতি মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে তাঁকে খুঁজে না পাওয়ায় রাজ্য পুলিশের আবেদনের ভিত্তিতে সিআইডি লুক আউট সার্কুলার জারি করে। তদন্তকারীদের আশঙ্কা, দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন তিনি। সেই কারণেই বিমানবন্দর, সমুদ্রবন্দর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থান কেন্দ্রগুলিতে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
তদন্ত সূত্রে খবর, জমি জালিয়াতিকাণ্ডে সুমিত রায় এখনও অধরা। গত ১৩ জুন তাঁর খোঁজে শালবনি থানার পুলিশ কলকাতার কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যায়। তবে সেখানেও তাঁর সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে।
নতুন এফআইআর দায়ের হওয়ার পর সুমিত রায়ের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করা হয়েছে। তদন্তকারীরা অভিযোগকারীদের বয়ান সংগ্রহের পাশাপাশি আর্থিক লেনদেনের নথিও খতিয়ে দেখছেন। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে মামলাটি এখনও তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত সত্য বলে গণ্য করা যাবে না।


