Aaj India Desk, কলকাতা: এবার তৃণমূল কংগ্রেস (TMC)-এর ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দলেরই প্রবীণ নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhury) । তাঁর দাবি, দলের বর্তমান পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কৃষ্ণেন্দুর মতে, অভিষেকের নেতৃত্বে দল ক্রমশ দুর্বল হয়ে পড়েছে এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল প্রায় শেষ।
অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “অভিষেককে এবার বিদেশে চলে যেতে হবে। নয়তো অন্য কোনো ভবিষ্যৎ অপেক্ষা করছে ওর জন্যে। ওর রাজনৈতিক কেরিয়ার শেষ।” পাশাপাশি তাঁর আরও দাবি, বিভিন্ন বিতর্ক ও অভিযোগের জেরে ভবিষ্যতে অভিষেকের সাংসদ পদও চলে যেতে পারে।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন কৃষ্ণেন্দু, যিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন, দলের বর্তমান কাজের ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর কথায়, “দল নিশ্চিহ্ন হয়ে গেল। সংঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছি। তবে এমন যে হবে, নিজেরাও ভাবতে পারছি না। অভিষেক দলটাকে গ্রাইন্ডিং মেশিনে ফেলে শেষ করে দিল।”
এদিকে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে। সূত্রের খবর, লোকসভায় দলের নেতৃত্ব নিয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূলের বেশিরভাগ সাংসদদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের দূরত্ব বেড়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, বিধানসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়া তৃণমূলের নতুন নেতৃত্বের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বিধানসভার কার্যক্রমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে দলের অন্দরে নতুন করে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে টা বিক্রি বাহুল্য।


