Aaj India Desk, কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রচারে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আইনি চাপে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘ডিজে বাজবে’ (DJ Controversy) মন্তব্য নিয়ে দায়ের হওয়া মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডি (CID) এই আবেদন জানালে বিচারক তাতে সম্মতি দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে তদন্তকারী সংস্থা।
কী নিয়ে শুরু হয় বিতর্ক?
নির্বাচনী প্রচারের এক সভায় বিরোধীদের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন, ” আমি দেখব ৪ তারিখ রাত বারোটার পর কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের বাঁচাতে আসে, সেটাও আমি দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে।” এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। পরে বাগুইআটির এক বাসিন্দা এই বক্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ জানিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর করেন। এরপর মামলার গুরুত্ব বুঝে মামলাটির তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।
তদন্তে কী কী হয়েছে?
তদন্তের স্বার্থে ইতিমধ্যেই ভবানী ভবনে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। পাশাপাশি তদন্তকারীরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান। সেখানে অভিষেকের আত্মীয় অদিতি গায়েনের সঙ্গেও কথা বলেন তাঁরা। তদন্তকারীদের দাবি, অভিষেকের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকায় তাঁর বক্তব্য মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
এদিকে ভাইরাল হওয়া অডিও ও ভিডিওর সত্যতা নিশ্চিত করতে এবং বক্তব্যটি অভিষেকের কণ্ঠেই ছিল কি না, তা বৈজ্ঞানিকভাবে যাচাই করার জন্যই আদালতের কাছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়েছিল সিআইডি। আদালতের অনুমোদনের পর আগামী ৩০ জুন সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। তদন্তের পরবর্তী ধাপে এই নমুনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।


