কলকাতা: ডায়মন্ড হারবারের আমতলায় নির্মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পার্টি অফিসকে ঘিরে আইনি জট আরও গভীর হল। বৈধ নির্মাণ পরিকল্পনা ও প্রয়োজনীয় নথি ছাড়াই কার্যালয়টি নির্মাণের অভিযোগে আগে একাধিকবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছিল। নোটিসে দাবি করা হয়, যে জমিতে কার্যালয়টি নির্মিত হয়েছে, তা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে কেনা হয়েছিল এবং সংশ্লিষ্ট নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। পরপর দু’বার নোটিসের জবাব না মেলায় প্রশাসন বিতর্কিত অংশে ভাঙার কাজ চালায়।
এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর তরফে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, আবেদনকারীদের দাবি সঠিক নয়। তাঁর বক্তব্য, যে অংশ ভাঙা হয়েছে তা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তির অন্তর্গত নয়।
রাজ্যের দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের মালিকানাধীন জমির দাগ নম্বর ৫০৯ ও ৫১২। ওই অংশে কোনও ভাঙচুর করা হয়নি। প্রশাসনের দাবি, ভাঙার কাজ হয়েছে ৫০৭ নম্বর দাগে। সেই যুক্তিতে স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহারের আবেদনও জানানো হয় আদালতে।
অন্যদিকে, লিপস অ্যান্ড বাউন্ডসের আইনজীবী কিশোর দত্ত আদালতে অভিযোগ করেন, সংস্থাকে ন্যূনতম নোটিসও দেওয়া হয়নি। অভিযোগে কী ছিল বা কোন নথির ভিত্তিতে নির্মাণকে বেআইনি বলা হয়েছে, সে সম্পর্কেও কোনও তথ্য দেওয়া হয়নি বলে দাবি তাঁর। পাশাপাশি, নিজেদের বক্তব্য পেশের সুযোগ না দিয়েই প্রশাসন ভাঙার পদক্ষেপ নিয়েছে বলেও আদালতে অভিযোগ তোলা হয়।
দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ততদিন পর্যন্ত অভিষেকের (Abhishek Banerjee) আমতলার বিতর্কিত কার্যালয় সংক্রান্ত বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ বহাল থাকবে। ফলে পরবর্তী শুনানি পর্যন্ত ওই কার্যালয়ের বিরুদ্ধে নতুন করে কোনও ভাঙার পদক্ষেপ নেওয়া যাবে না।


