দুর্গাপুর: মহাষ্টমীতে রাজ্যজুড়ে বন্ধ থাকবে মদের দোকান (Mahashtami Dry Day)। সরকারি নির্দেশ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কড়া নজরদারি। আর তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ দুর্গাপুরে, অষ্টমীতে মদ বিক্রি বন্ধ থাকবে জানতে পেরে শহরের একাধিক হোটেলে নাকি আগেভাগেই বিপুল পরিমাণ মদ মজুত করা হচ্ছে!
অভিযোগ ঘিরে এবার সরব হলেন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত পুজো সমন্বয় বৈঠকে প্রশাসন ও পুলিশের আধিকারিকদের সামনেই বিষয়টি তুলে ধরেন তিনি। পুজোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং নজরদারি নিয়ে ওই বৈঠকে হাজির ছিলেন পুলিশ-প্রশাসনের কর্তারা।
বিধায়কের দাবি, অষ্টমীতে মদের দোকান বন্ধ (Mahashtami Dry Day) থাকার সুযোগ নিয়ে কিছু হোটেল মালিক আগে থেকেই মদ তুলে রাখছেন। তাঁর বক্তব্য, এই ধরনের মজুত কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রতিটি হোটেলের উপর নজরদারি এবং প্রয়োজন হলে অভিযান চালানোর জন্য পুলিশকে তিনি অনুরোধ করেন।
রাজু পাত্র বলেন, “খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন হোটেল এখন থেকেই মদ তুলে রাখতে শুরু করেছে। কিন্তু এটা কোনওভাবেই করতে দেওয়া হবে না। প্রতিটি হোটেলে নজরদারি ও প্রয়োজনে অভিযান চালাতে হবে।”
এরপরই আরও কড়া বার্তা দেন বিধায়ক। তাঁর দাবি, প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই অভিযান চালানোর পথে যেতে পারেন। তাঁর কথায়, “পুলিশকে বলব, সব হোটেলে যেন অভিযান চালানো হয়। না হলে আমি নিজেই অভিযান চালাব।”
বিধায়কের এই মন্তব্যের পরেই বৈঠকে বিষয়টি নিয়ে বাড়তি নজরদারির বার্তা দেয় প্রশাসন। জেলাশাসক স্পষ্ট জানিয়ে দেন, সরকারি নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
ফলে অষ্টমীর (Mahashtami Dry Day) আগে দুর্গাপুরে নজর এখন হোটেলগুলির দিকেই। অভিযোগ সত্যি কি না, কোথাও নিয়ম ভেঙে মদ মজুত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের নজরদারি ও সম্ভাব্য অভিযান ঘিরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য।
দোকানে তালা পড়বে অষ্টমীতে। কিন্তু তার আগেই যদি কোথাও ‘স্টক’ জমে থাকে, তাহলে সেই স্টকই এবার প্রশাসনের নজরে, বিধায়কের হুঁশিয়ারির পর দুর্গাপুরে শুরু হয়েছে জোর চর্চা।


