কলকাতা: মমতার কন্যাশ্রী এবার হল কন্যারত্ন। শুক্রবার কন্যারত্ন দিবসে (Kanyaratna) ছাত্রীদের জন্য একের পর এক বড় ঘোষণা। স্কুলছাত্রীদের বার্ষিক আর্থিক সহায়তা এবার দ্বিগুণ করার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, উচ্চশিক্ষার পথে টাকার বাধা সরাতে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা, কন্যারত্ন স্কলারশিপ এবং মেধাবী পড়ুয়াদের জন্য বিবেকানন্দ মেরিট স্কলারশিপ! একসঙ্গে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে।
সবচেয়ে বড় চমক বার্ষিক ভাতায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বছরে ১০০০ টাকার বদলে ২০০০ টাকা পাবে। তবে চলতি শিক্ষাবর্ষে ১০০০ টাকা করেই দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এবছর মোট ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী এই আর্থিক সহায়তা পাবেন। ইতিমধ্যেই এক দফায় টাকা পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, স্কুলগুলির ভেরিফিকেশন যত দ্রুত শেষ হবে, তত দ্রুত পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে।
বাংলায় শুরু ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’
কন্যারত্ন দিবসেই রাজ্যে নতুন করে চালু হল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প। মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যে এই প্রকল্প আগে চালু থাকলেও পশ্চিমবঙ্গে ছিল না। এবার রাজ্যেও সেটি চালু করা হল। সঙ্গে শুরু হয়েছে কন্যারত্ন (Kanyaratna) স্কলারশিপও। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ছাত্রীদের পাশে দাঁড়াতেই এই ধরনের আর্থিক সহায়তার উদ্যোগ বলে জানানো হয়েছে।
উচ্চশিক্ষার পথে টাকার ‘দেওয়াল’ ভাঙতে ৫০ হাজার
স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে অর্থের অভাবে যাতে কোনও ছাত্রীর শিক্ষা থেমে না যায়, সেই লক্ষ্যেই আরও বড় ঘোষণা। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ স্কুল থেকে কলেজ, শিক্ষার প্রতিটি ধাপে আর্থিক সহায়তার ব্যবস্থা করার বার্তাই দেওয়া হয়েছে কন্যারত্ন দিবসে।
৬০ শতাংশ নম্বর পেলেই মিলবে মেধার স্বীকৃতি!
শুধু আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াই নন, মেধাবী ছাত্রীদের জন্যও থাকছে বিশেষ সহায়তা। ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়াদের জন্য বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু রাখার কথা জানানো হয়েছে। এর পাশাপাশি বিদেশে পড়তে যাওয়া পড়ুয়া কিংবা জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ পাওয়া ছাত্রছাত্রীদের জন্যও আলাদা তহবিল গড়ার কথা বলা হয়েছে। স্বামী বিবেকানন্দের নামে এই তহবিল গড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে কন্যারত্ন (Kanyaratna) দিবসে ঘোষণার তালিকা বেশ লম্বা! বেটি বাঁচাও, বেটি পড়াও থেকে কন্যারত্ন স্কলারশিপ, ২০০০ টাকার বার্ষিক সহায়তা থেকে ৫০ হাজারের উচ্চশিক্ষা অনুদান, আবার মেধাবীদের জন্য বিবেকানন্দ স্কলারশিপ। এখন নজর থাকবে ঘোষণাগুলি কীভাবে এবং কত দ্রুত বাস্তবে পৌঁছয় ছাত্রীদের হাতে।


