Aaj lndia Desk,কলকাতা: ভারতে যে যার ইচ্ছেমতো খাবার খেতেই পারেন, তা আটকানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি স্পষ্ট জানান, ভারত একটি গণতান্ত্রিক দেশ, তাই মানুষের ব্যক্তিগত খাদ্যাভ্যাসে বাধা দেওয়া যায় না।
সম্প্রতি পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রি এবং কসাইখানা নিয়ে চলা রাজনৈতিক বিতর্কের জবাবে তিনি দলের অবস্থান পরিষ্কার করেন। শমীক ভট্টাচার্য বলেন, “কেউ যদি মনে করেন তিনি মূলো খাবেন, শুয়োর খাবেন বা গরু খাবেন তা খাবে। আটকাবো কীভাবে? এটা গণতান্ত্রিক দেশ।”
তবে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করলেও আইনের প্রশ্নে কড়া বার্তা দিয়েছেন এই বিজেপি নেতা। তিনি জানান..
বেআইনি কসাইখানা বন্ধ: রাজ্যে কোনোভাবেই নিয়মবহির্ভূত বা বেআইনি স্লটার হাউস চলতে দেওয়া হবে না। ব্যবসা করতে হলে সরকারি নিয়ম মেনে বৈধভাবেই করতে হবে।
প্রকাশ্যে বিক্রির বিরোধিতা: বিজেপি মানুষের ঘরে বসে খাবার খাওয়ার বিরোধী নয়, কিন্তু রাস্তাঘাটে বা খোলা জায়গায় প্রকাশ্যে গরুর মাংস বিক্রি করার তারা বিরোধী।
সম্প্রতি বিহার সরকারের খোলা বাজারে মাংস বিক্রি নিয়ন্ত্রণের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ তোলেন যে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস খাওয়া নিষিদ্ধ করে দেবে। তৃণমূলের এই আক্রমণের কড়া জবাব দিতে গিয়েই বঙ্গ বিজেপি সভাপতি নিশ্চিত করেন যে, বাংলায় মাছ ও মাংস খাওয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আসবে না। “বাংলার মানুষ যা খুশি তাই খাবেন, বাংলা তার মাছ-মাংস পাবেই,” বলে তিনি আশ্বস্ত করেন।


