Aaj lndia Desk,নয়াদিল্লি: আধার কার্ড (Aadhaar Card) ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্র। আধারের তথ্য সংশোধনের জন্য বিনামূল্যে আপডেটের সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে এখন ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত কোনও অতিরিক্ত খরচ ছাড়াই নাম, ঠিকানা, জন্মতারিখ-সহ বিভিন্ন তথ্য আপডেট করা যাবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ আধার গ্রাহক।
আধার কার্ডে নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করতে আর সেন্টারে ছুটতে হবে না। ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, মাইআধার (myAadhaar) পোর্টালের মাধ্যমেই অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে এই আপডেট করা যাবে।শুধু প্রয়োজনীয় পরিচয়পত্র ও ঠিকানার নথি আপলোড করলেই সহজেই সংশোধন করা যাবে আধারের তথ্য। তবে এই বিনামূল্যে সুবিধা শুধুমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই পাওয়া যাবে ।
UIDAI জানিয়েছে, সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে অনলাইনে আধার আপডেটের প্রবণতার অনেক টা বেড়েছে এই কারণেই বিনামূল্যের পরিষেবার সময়সীমা বাড়ানো হয়েছে। এখনও বিপুল সংখ্যক মানুষ ডিজিটাল মাধ্যমে সহজেই আধারের তথ্য সংশোধন করছেন, ফলে পুরো প্রক্রিয়াই আগের তুলনায় অনেক বেশি দ্রুত ও সুবিধাজনক হয়েছে। পাশাপাশি UIDAI-এর তরফে আবেদন করা হয়েছে, যাঁরা বহু বছর আগে আধার তৈরি করলেও এখনও নথি আপডেট করেননি, তাঁরা যেন দ্রুত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করে আধার আপডেট করিয়ে নেয় ।
UIDAI – তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, পুরনো mAadhaar অ্যাপ খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। তার বদলে ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে নতুন Aadhaar App, যেখানে আরও আধুনিক ও নিরাপদ ডিজিটাল পরিষেবা পাওয়া যাবে। নতুন অ্যাপে থাকছে সুরক্ষিত QR-ভিত্তিক আধার শেয়ারিং, উন্নত প্রাইভেসি কন্ট্রোল এবং আরও সহজ ডিজিটাল অ্যাক্সেসের সুবিধা। ফলে আধার সংক্রান্ত কাজ এখন আরও দ্রুত ও নিরাপদে করা যাবে স্মার্টফোন থেকেই।


