Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : শিয়ালদহ, সোনারপুর ও হাওড়া স্টেশনের পর এবার হকার উচ্ছেদের (Hawker Eviction) প্রস্তুতি শুরু হয়েছে পার্ক সার্কাস রেল স্টেশন চত্বরেও। তবে এর আগে হকার উচ্ছেদের জন্য সোমবার শিয়ালদহ ও মঙ্গলবার সকালে বিরাটি স্টেশনে মিছিল দেখা গিয়েছে। ফলে সেই ঝুঁকিতে না গিয়ে এবার আগাম সতর্কবার্তা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
কী বলা হয়েছে নোটিসে ?
রেল কর্তৃপক্ষের তরফে দেওয়া নোটিসে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় থাকা হকার ও অস্থায়ী দোকানদারদের তিন দিনের মধ্যে নিজেদের দোকান, স্টল এবং দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং স্টেশন এলাকায় ভিড় নিয়ন্ত্রণের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা। রেল সূত্রের দাবি, এবার আগাম নোটিস দিয়েই আইন মেনে উচ্ছেদ (Hawker Eviction) প্রক্রিয়া চালানো হচ্ছে।
আগেই উঠেছিল নোটিস ও পুনর্বাসনের দাবি
রাজনৈতিক মহলে আগে থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে শিয়ালদহ স্টেশনে হকার উচ্ছেদের (Hawker Eviction) পর সিপিএম স্টেশন চত্বর দখলমুক্ত করা এবং নিয়ম মেনে হকার ব্যবস্থাপনার দাবি জানিয়েছিল। এবার একপ্রকার যেন সেই দাবিই মেনে নিলো রেল কর্তৃপক্ষ।
যদিও এখনও পর্যন্ত হকারদের পুনর্বাসন বা অন্য আয়ের ব্যবস্থা করেনি সরকার বা রেল কর্তৃপক্ষ। পার্ক সার্কাস স্টেশন চত্বরে বহু হকার দীর্ঘদিন ধরে ব্যবসা করে সংসার চালাচ্ছেন। হঠাৎ উচ্ছেদের নোটিস পাওয়ায় তাঁদের আশঙ্কা, বিকল্প জায়গা বা পুনর্বাসনের ব্যবস্থা না থাকলে আয়ের পথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। অনেকের দাবি, স্টেশন এলাকার উপর নির্ভর করেই প্রতিদিনের রোজগার হয়, তাই কয়েক দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়া বাস্তবে কঠিন। পাশাপাশি, উচ্ছেদের পরে কোথায় ব্যবসা করবেন তা নিয়েও স্পষ্ট কোনও নির্দেশ না থাকায় উদ্বেগ বাড়ছে হকার মহলে।


