Aaj India Desk, কলকাতা: কয়েক মাস আগেও যিনি ছিলেন রাজ্যের বিরোধী মুখ, এখন তিনিই বাংলার প্রশাসনের শীর্ষে, বাংলার মুখ্যমন্ত্রী-শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নির্বাচনে জয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর এলাকাতেও বিজয় মিছিল করেছেন এসেছেন তিনি। এই প্রথমবার রাজ্যে বিজেপি (BJP) সরকারের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে তাঁর সামনে এসেছে একের পর এক বড় চ্যালেঞ্জ। চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে বদলের প্রতিশ্রুতি দিয়েই সরকার গঠন করতে পেরেছে বিজেপি। যদিও, পুরো কাজের জন্য হাতে রয়েছে পাঁচ বছর, তবে মাত্র সাত দিনের সিদ্ধান্ত ও পদক্ষেপেই কি নতুন সরকারের কাজের ধরন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
গত ৯ মে প্রধানমন্ত্রী ও দেশের একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তারপর কেটে গিয়েছে এক সপ্তাহ। এই কয়েকদিনে রাজ্য প্রশাসনে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক-
১) নবান্ন ছেড়ে ফের রাইটার্সে প্রশাসন
ক্ষমতায় এসেই প্রশাসনিক সদর দফতর বদলের সিদ্ধান্ত নেয় নতুন সরকার। ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে ফের প্রশাসনিক কাজ শুরু করার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর ঘরও নতুনভাবে সাজানো হয়েছে। পুরনো ভবনে চলছে সংস্কারের কাজ।
২) অবসরপ্রাপ্তদের চাকরি শেষ
অনেক অবসরপ্রাপ্ত আধিকারিক দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে কাজ চালিয়ে যাচ্ছিলেন। নতুন সরকার স্পষ্ট জানিয়েছে, এবার সেই মেয়াদ শেষ হবে। প্রায় ৫০০ জনের চাকরি শেষ হয়েছে বলে সূত্রের খবর।
৩) সীমান্তে জমি হস্তান্তরের নির্দেশ
বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি নিয়ে দীর্ঘদিন সমস্যা চলছিল। নতুন সরকার জানিয়েছে, ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ সম্পূর্ণ করা হবে।
৪) অন্নপূর্ণা ভাণ্ডার চালুর ঘোষণা
১ জুন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার কথাও জানানো হয়েছে।
৫) সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ল
প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
৬) অযোগ্য চাকরিপ্রার্থীদের বেতন ফেরতের প্রক্রিয়া
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী অযোগ্য প্রার্থীদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার কাজ শুরু করেছে শিক্ষা দফতর। সরকার বদলের পর এই প্রক্রিয়ায় গতি এসেছে।
৭) ধর্মীয় স্থানে শব্দের সীমা
শব্দদূষণ কমাতে ধর্মীয় স্থানগুলিতে নির্দিষ্ট শব্দসীমা মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। পুলিশ প্রশাসনকে এ বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে।
৮) প্রকাশ্যে পশুহত্যার উপর কড়াকড়ি
সরকার জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম না মেনে প্রকাশ্যে পশুহত্যা করা যাবে না। কসাইখানার বাইরে এ ধরনের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৯) স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক
সরকারি স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকাও জারি হয়েছে।
১০) তিলজলায় বেআইনি নির্মাণে বুলডোজার
তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনায় বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয় ভাঙার কাজ।
১১) আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ
সরকারে আসার পরই আরজি কর মামলার সঙ্গে যুক্ত তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
১২) জেলে অভিযান
বিভিন্ন জেলে তল্লাশি চালিয়ে ২৩টি মোবাইল-সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে। অভিযোগ, জেলের ভিতর থেকেই অপরাধচক্র চালানো হচ্ছিল। এই ঘটনায় কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৩) স্কুল-কলেজের পরিচালন সমিতি ভেঙে দেওয়া
নতুন সরকার অভিযোগ তুলেছে, পরিচালন সমিতিগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছিল। সেই কারণেই বহু স্কুল ও কলেজের পরিচালন সমিতি বাতিল করা হয়েছে।
১৪) বেআইনি টোল আদায় বন্ধ
বিভিন্ন এলাকায় বেআইনি ভাবে টোল তোলার অভিযোগ দীর্ঘদিনের। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই সব টোল বন্ধ করে দেওয়া হয়েছে।
১৫) আলু চাষিদের স্বস্তি
আলু রফতানিতে নিষেধাজ্ঞার জেরে সমস্যায় পড়েছিলেন কৃষকরা। নতুন সরকার ভিনরাজ্যে আলু পাঠানোর অনুমতি দেওয়ায় চাষিদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
১৬) চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পে গতি
দীর্ঘদিন আটকে থাকা মেট্রো প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে। প্রশাসনিক অনুমতি মিলতেই দ্রুত কাজ এগোচ্ছে বলে জানা গিয়েছে।
১৭) অনলাইনে কলেজে ভর্তি
এবার থেকে কলেজে ভর্তি পুরোপুরি অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়ি থেকেই ভর্তি হতে পারবেন।
১৮) হাসপাতালে রোগী ফেরানো যাবে না
স্বাস্থ্য দফতরের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বেড না থাকলেও রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে।
১৯) হেলমেট নিয়ে কড়া অভিযান
রাজ্য জুড়ে হেলমেট না পরলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিনে পুলিশের নজরদারিও বেড়েছে।
মাত্র সাত দিনের মধ্যেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে রাজ্যের প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নতুন সরকার। এখন দেখার, আগামী দিনে এই ঘোষণাগুলি কতটা বাস্তবায়িত হয়।


