Aaj India Desk, কলকাতা : রাজ্যের রাজনৈতিক পালাবদলের আগে একাধিক বোমা হুমকির (Bomb Threat) ঘটনা সামনে এসেছিল। তবে সরকার বদল হলেও সেই হুমকি থামেনি। এবার সেই বোমা হুমকির নিশানায় খোদ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। বিজেপির বিধায়ক ও রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আল কায়দার আদলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভবানীপুর থানার ওসির কাছে ১৪ মে রাতে ওই হুমকি মেল পৌঁছয়। ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ।
মহিলার নামে পাঠানো হয়েছিল হুমকি মেল
পুলিশ সূত্র অনুযায়ী, একটি মহিলার নাম ব্যবহার করে ওই ই-মেল পাঠানো হয়েছিল। মেলে দাবি করা হয়, আল-কায়দা জঙ্গি সংগঠনের সহায়তায় বিজেপি দলনেতার উপর আত্মঘাতী হামলা চালানো হবে।
তদন্তে গ্রেপ্তার যুবক, উঠে এলো ব্যক্তিগত আক্রোশ
ঘটনায় শুক্রবার গার্ডেনরিচ এলাকা থেকে ২৭ বছর বয়সী হাসনিন ইকবাল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবক পেশায় আইটি কর্মী। গ্রেপ্তারের পর জেরায় হাসনিন পুলিশকে জানায়, যার নামে মেল পাঠানো হয়েছিল তিনি তার পূর্ব পরিচিত। ব্যক্তিগত ক্ষোভ থেকেই ওই মহিলাকে এবং তাঁর পরিবারকে বিপদের মুখে ফেলতেই এই পরিকল্পনা করেছিল হাসনিন।
তদন্ত চলাকালীন হাসনিনের বাড়ি থেকে জাল নোট উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হাসনিন এর আগেও নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে ভুয়ো ও বিভ্রান্তিকর ই-মেল এবং বোমা হুমকির মেল (Bomb Threat) পাঠিয়েছিল। উদ্দেশ্য ছিল আতঙ্কের পরিবেশ তৈরি করা। পুলিশ খতিয়ে দেখছে, এই ধরনের হুমকি মেলের পিছনে ধৃত একাই জড়িত ছিল নাকি অন্য কোনও চক্রেরও যোগ রয়েছে।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল বিষয়ে ভুয়ো জঙ্গি হামলার হুমকি (Bomb Threat) দেওয়ার ঘটনায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫৩(২), ২১৭(বি) এবং ৬১(২) ধারা। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


